ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে লাখ টাকা খরচ

ঢাকার যানজট নিয়েও ভেবেছে সাইফ স্পোর্টিংছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ট্রাফিক জ্যামে পড়লে যে কারোরই নাভিশ্বাস উঠে যাওয়ার কথা। ব্যস্ততম সকালে বা অলস দুপুরে এই জ্যামের হাত থেকে বাঁচার জন্য কত মানুষ কত ফন্দি ফিকিরের রাস্তাই না খোঁজেন! কোনো বুদ্ধিতেই কাজ হয়নি সাইফ স্পোর্টিং ক্লাবের। উপায়ান্তর না দেখে শেষমেশ জ্যামের হাত থেকে খেলোয়াড়দের বাঁচাতে লাখ টাকার ওপরে খরচ করছে ক্লাবটা।

ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে সাইফ। ২০১৭–১৮ মৌসুমে দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নাম লেখানোর পর আজ প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছে তারা। সাফল্যের পেছনে সাংগঠনিক দক্ষতা, খেলোয়াড়দের নৈপুণ্য, কোচের কারিশমাসহ অনেক বিষয়ই জড়িত। তবে খেলোয়াড়েরা যদি মাঠে নামার আগেই রাস্তায় জ্যামে বসে থেকে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে সব পরিকল্পনাই তো ব্যর্থ! তাই খেলোয়াড়দের ভ্রমণ সুরক্ষা দিতে খেলার আগের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন একটি তিন তারকা হোটেলে এসে উঠেছে সাইফ। থাকা–খাওয়া জন্য দলটিকে ব্যয় করতে হচ্ছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

বেলজিয়ান কোচ পল পুট চান খেলোয়াড়দের ভ্রমণ সুরক্ষা দিতে।
ছবি: প্রথম আলো

সাইফের আবাসিক ক্যাম্প মিরপুর ডিওএইচএসে। সেখান থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসা–যাওয়া করেই খেলে থাকে তারা। এতে সময় লাগে গড়ে দেড় থেকে দুই ঘণ্টা। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোও এভাবেই খেলেছে সাইফ। কিন্তু দলটির বেলজিয়ান কোচ পল পুটের শর্ত ছিল, দল নকআউট পর্বে গেলে অবশ্যই খেলোয়াড়দের ভ্রমণ সুরক্ষা দিতে হবে, বের করতে হবে জ্যাম থেকে নিস্তার পাওয়ার পথ। ম্যাচ খেলার আগে পুট কোনোভাবেই ৩০ মিনিটের বেশি ভ্রমণ করাতে রাজি নন খেলোয়াড়দের। দলের ভালোর স্বার্থে কোচের কথাও মেনে নিয়েছে ক্লাবটি।

সাইফ স্পোর্টিং ক্লাবের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘কোচ কোনোভাবেই খেলোয়াড়দের ৩০ মিনিটের বেশি যাতায়াত করাতে রাজি নন। দলের ভালোর জন্য আমরাও সবকিছু করতে রাজি। তাই কোচের ইচ্ছায় ট্রাফিক জ্যাম এড়াতে দলকে খেলার আগের দিন হোটেলে তুলি। সেখানে কোচের চাহিদা অনুযায়ী সবকিছু করা হয়। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়। খরচ হলেও খেলোয়াড়েরা সতেজ থাকে।’

২০১৭ সাল থেকেই সাইফে খেলছেন ডিফেন্ডার রহমত মিয়া। ক্লাবের এমন উদ্যোগে খুশি জাতীয় দলের নিয়মিত এই ডিফেন্ডার, ‘ক্লাব থেকে মাঠে আসতে অনেক সময় লেগে যায়। বেশিক্ষণ বসে থাকলে পেশিগুলো দুর্বল হয়ে পড়ে। এখন ৫ মিনিটের মধ্যে মাঠে চলে যাই আমরা। শরীর ও মন দুটোই ভালো থাকে। এমন উদ্যোগের জন্য ক্লাবকে ধন্যবাদ।’

বসুন্ধরা কিংসের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শিরোপার লড়াইয়ে নামবে সাইফ। খাতা–কলমের হিসাবে এগিয়ে রাখতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরাকে। কারণ, এর আগে টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে তারা। ফাইনাল ম্যাচের চাপ নেওয়ার ক্ষমতা খেলোয়াড়দের অনেক আগে থেকেই আছে। প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাওয়ায় পরিষ্কারভাবে এখানেই পিছিয়ে সাইফের খেলোয়াড়েরা।

দেখা যাক, সাইফের এই সিদ্ধান্তে কাজ হয় কি না!