ট্রাম্পের জয়ে উজ্জীবিত সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার সমালোচনার তোয়াক্কা করেননি ডোনাল্ড ট্রাম্প। দুনিয়ার তাবৎ সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েও জয় আটকাতে পারেনি!

তা হঠাৎ খেলার পাতায় ডোনান্ড ট্রাম্প কেন! কারণ, বাফুফে সভাপতি কাল নিজেই তুলে আনলেন ট্রাম্পের কথা। সাংবাদিকদের আড্ডায় বললেন, যুক্তরাষ্ট্রের এই নির্বাচন তাঁকে উজ্জীবিত করছে। তুলে আনেন সমালোচনার পরও ট্রাম্পের ভেঙে না পড়ার ব্যাপারটা। সংবাদমাধ্যম কী বলল তা আমলে না নিয়ে ফল পেয়েছেন ট্রাম্প, এটাও মনে করিয়ে দেন।

ভুটানের কাছে হারের পর বাংলাদেশের সংবাদমাধ্যমে বাফুফে সভাপতির সমালোচনা চলছে বেশ। তবে সালাউদ্দিন নিজে বলছেন, তিনি ঘুরে দাঁড়াবেন। সেই ঘুরে দাঁড়ানোর মিশনে তাঁর প্রেরণা ট্রাম্পের জয়, ‘পৃথিবীর বড় বড় সংবাদমাধ্যম ট্রাম্পের নেতিবাচক দিকটি প্রকাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত তিনিই জিতেছেন। সমালোচনায় তাঁর কিছু হয়নি। ট্রাম্পের জয়ে আমারও সাহস বেড়েছে। আমার বিরুদ্ধে সমালোচনার কোনো ভিত্তি নেই। আমি আমার মতো এগিয়ে যাব।’

সেই এগিয়ে যাওয়ার মিশনে বাফুফে ভবনে এখন চলছে পল স্মলির দৌড়ঝাঁপ। দফায় দফায় সভা করে আগামী চার বছরের কর্মপরিকল্পনা তৈরি করছেন বাফুফের এই ব্রিটিশ টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর। ১০ ডিসেম্বরের মধ্যে তা প্রকাশ করার কথা। তবে বাফুফের ভবিষ্যৎ খসড়া পরিকল্পনায় আগামী বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ ও চট্টগ্রাম আবাহনীর আয়োজনে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট ছিল না। সেই অবস্থান থেকে সরে এসে দুটি টুর্নামেন্টের ধারাবাহিকতা রাখার উদ্যোগ নিয়েছে বাফুফে।

যদিও টুর্নামেন্ট দুটির সময়সূচি নিয়ে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে সভাপতি কাজী সালাউদ্দিনের কথার গরমিল আছে। সালাম বলেছেন, ‘বঙ্গবন্ধু কাপ জানুয়ারির শেষ দিকে শুরু হবে।’ সালাউদ্দিন বললেন, ‘বঙ্গবন্ধু কাপ আমরা করব মার্চে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এপ্রিলে।’

আসল সময় যে কোনটি, তা ঠিক হবে কয়েক দিনের মধ্যে। শেখ কামাল টুর্নামেন্টের উদ্যোক্তা চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির প্রধান তরফদার রুহুল আমিন জোর দিয়ে বলছেন, ‌‘ফেব্রুয়ারিতে অবশ্যই আমরা শেখ কামাল টুর্নামেন্ট করতে চাই। এটার কোনো ব্যতিক্রম হোক, চাইব না।’

যখন হোক, শেখ কামাল টুর্নামেন্ট এখনই হারিয়ে যাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিতই।