ট্রায়ালে আসছেন রিয়াসাত
প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া টিকে গেছেন। লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর ইচ্ছা নিয়ে বাংলাদেশে এর আগে খেলতে এসেছিলেন আরেক প্রবাসী আনন্দ রহমান। ডেনমার্কের জামাল টিকলেও আনন্দ ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য জার্মানিপ্রবাসী রিয়াসাত খাতনের দিকেও নজর ছিল কোচ লোডভিক ডি ক্রুইফের। বর্তমানে ফিলিপাইনের লিগে খেলা রিয়াসাতের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও করেছেন কোচ। ২৫ মে ফিলিপাইনের লিগ শেষ হলেই ঢাকায় আসার কথা তাঁর।
রিয়াসাতকে পাবেন কি না তা নিয়ে অবশ্য লোডভিক ডি ক্রুইফ একটু চিন্তিত, ‘রিয়াসাত ফিলিপাইনের লিগে নিয়মিত খেলছে। ওর সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। সে জানিয়েছে, সামান্য চোট পেয়েছে। খেলতে পারবে কি না সেটা বলতে পারছি না।’ রিয়াসাতের চোট কতটা গুরুতর সেটা দেখার পরই তাঁকে ট্রায়ালে সুযোগ দেবেন কোচ। এর আগে সর্বশেষ সাফের ক্যাম্পে যোগ দিতে রিয়াসাত ঢাকায় এসেছিলেন ২০১৩ সালে। মামুনুল-এমিলিদের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও চূড়ান্ত দলে সুযোগ না পাওয়ায় ফিরে গিয়েছিলেন।