ট্রেবল-স্বপ্ন শেষ হচ্ছে কার?
>লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ শিরোপাত্রয়ী জয়ের দৌড়ে শুধু বার্সা ও অ্যাটলেটিকো। সেই দৌড় আজ শেষ হয়ে যাচ্ছে এক দলের।
তো রিয়াল মাদ্রিদের আজ সঙ্গী হবে কে? বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ?
স্বপ্নের ট্রেবল যে রিয়ালের হাতে অন্তত ২০১৭ সালে ধরা দিচ্ছে না, সেটা জানা গেছে কোয়ার্টার ফাইনালেই। সেল্টা ভিগোর মাঠে যখন ড্র করে এল জিদানের দল। লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ শিরোপাত্রয়ী জয়ের দৌড়ে আছে শুধু বার্সা ও অ্যাটলেটিকো। সেই দৌড় আজ শেষ হয়ে যাচ্ছে যেকোনো এক দলের।
আজ বাংলাদেশ সময় রাত দুইটায় ন্যু ক্যাম্পে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে বসেছে অ্যাটলেটিকো। বলা যায়, বার্সেলোনা টানা চতুর্থবারের মতো কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছে। কিন্তু দলটা ডিয়েগো সিমিওনের বলেই কাতালানদের অস্বস্তি একটু থাকে। গত মৌসুমের স্মৃতিটা যে এখনো দগদগে তাদের কাছে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সেবার নিজেদের মাঠে ২-১ গোলের জয় নিয়ে ভিসেন্তে ক্যালদেরনে গিয়েছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগে গ্রিজমানদের কাছে ২-০ গোলে হেরে টানা দ্বিতীয় ট্রেবল জয়ের স্বপ্নটা শেষ হয়ে যায় মেসিদের। এবার আর সেই ফাঁদে পা দিতে রাজি নন কোচ লুইস এনরিকে। লিগের সর্বশেষ ম্যাচে তাই বিশ্রাম দেন লুইস সুয়ারেজকে। অভাবনীয়ভাবে মেসিকেও তুলে নেন ৬৫ মিনিটে। তিন হলুদ কার্ডের কারণে নেইমারকে পাওয়া যাচ্ছে না এমনিতেই। এনরিকে তাই একটু চিন্তিত, ‘এটা বোঝা উচিত, তিনটি লক্ষ্য ছুঁতে পুরো দলকেই দরকার হবে।’
পুরো দল অবশ্য নেই। নেইমার নেই, চোট কেড়ে নিয়েছে জেরার্ড পিকে ও রাফিনহাকে। মেসিকে নিয়েও আছে দুশ্চিন্তা। আজ একটা হলুদ কার্ড দেখলেই ফাইনালে থাকবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এমন মুহূর্তেই বার্সার মেডিকেল টিম দিয়েছে সুখবর। মাঝমাঠের দুই ভরসা আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস সুস্থ হয়ে উঠেছেন। একাদশে দেখা যেতে পারে দুজনকেই।
উল্টো অবস্থা অ্যাটলেটিকো মাদ্রিদের। ঘরের মাঠে ২-১ গোলে হেরে যাওয়ায় আজ কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে অথবা ১ গোলের ব্যবধানের জয়ে করতে হবে ২-এর বেশি গোল। অথচ ন্যু ক্যাম্পে সর্বশেষ জয়ের স্মৃতিতে ধুলো জমেছে। সেই কবে, ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ৩-১ গোলে জিতেছিল অ্যাটলেটিকো। সেই ম্যাচে বদলি নামা গাবি এখন দলের অধিনায়ক। তবে নিষেধাজ্ঞা এই মিডফিল্ডারকে আজ নামতে দিচ্ছে না। সেই জয়ের নায়ক জোড়া গোল করা ফার্নান্দো তোরেস কিন্তু আছেন! লিগের সর্বশেষ ম্যাচে ২ গোল করে ফর্মে ফিরে হুংকারও ছেড়েছেন স্প্যানিশ স্ট্রাইকার, ‘আমরা জানি মঙ্গলবারের ম্যাচটা খুবই কঠিন। কিন্তু কঠিন ম্যাচেই তো আমাদের অহংকারটা ফুটে ওঠে। আশা করি মঙ্গলবার তেমনই এক জাদুকরী অভিজ্ঞতা হবে আমাদের।’
অন্য সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে সেল্টা ভিগো ও আলাভেস। ইউরোপা লিগের নকআউট পর্বে ওঠায় অন্য এক ‘ট্রেবলের’ আশা দেখতে পারে সেল্টাও! তথ্যসূত্র: এএফপি।