ঠাট্টার জবাবে সুয়ারেজের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার হ্যাটট্রিক–হিরো লুইস সুয়ারেজ
বার্সার হ্যাটট্রিক–হিরো লুইস সুয়ারেজ

নতুন বছরটা হঠাৎ করে কেমন যেন অপয়া হয়ে যাচ্ছিল। জোড়া গোল দিয়ে গত বছর যিনি শেষ করেছিলেন, এই বছরের প্রথম তিন ম্যাচেই তাঁর গোল ছিল না! লুইস সুয়ারেজকে সতীর্থদের একটু দুষ্টুমিমাখা কটাক্ষই হজম করতে হচ্ছিল। কিছু সহজ সুযোগ তো পেয়েও কাজে লাগাতে পারেননি, তবে পরশু সতীর্থদের হয়তো পাল্টা টিপ্পনী কেটেছেন সুয়ারেজ। হ্যাটট্রিক করার পর সেই অধিকার বার্সেলোনা স্ট্রাইকারের নিশ্চয়ই আছে! অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সার ৬-০ গোলের জয়ে তিনটি গোল তো করেছেন, দুটি গোলে ভূমিকাও রেখেছেন সুয়ারেজ।
জয়ের ব্যবধানটা অবশ্য আরও বড়ই হতে পারত। ম্যাচের প্রায় পুরোটা সময় বার্সেলোনার সঙ্গে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বিলবাওকে। চার মিনিটেই নিশ্চিত গোল করতে যাওয়া সুয়ারেজকে বাধা দিয়ে গোলরক্ষক গোরকা ইরাইজজ লাল কার্ড দেখেন, পেনাল্টি উপহার দেন বার্সাকে। পেনাল্টি থেকে গোল করেন মেসি। ম্যাচ বলতে গেলে ওখানেই শেষ। ৩১ মিনিটে বার্সাকে দ্বিতীয় গোলটা এনে দেন নেইমার। দ্বিতীয়ার্ধটা পুরোপুরি সুয়ারেজময়, ৪৭ মিনিটে পেয়েছেন প্রথম গোল। ৬২ মিনিটে রাকিতিচকে দিয়ে নেইমার করিয়েছেন আরেকটি গোল। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় ও বার্সার পঞ্চম গোলের পর সুয়ারেজ ৮২ মিনিটে পূর্ণ করেছেন হ্যাটট্রিক।
অথচ আগের দুই ম্যাচে গোল না পাওয়ায় সতীর্থরা সেটা নিয়ে রসিকতা করতে ছাড়েননি। অবশেষে গোল পাওয়ার পর সুয়ারেজ জানিয়ে দিলেন প্রতিজ্ঞাটা পুষে রেখেছিলেন সন্তর্পণে, ‘গত কয়েক ম্যাচে যেসব মিস করেছিলাম, দলের বাকিদের সঙ্গে আমি নিজেই হাসাহাসি করেছি। কারণ সাধারণত এসব আমি গোল করি। আর স্ট্রাইকারদের এ রকম চড়াই-উতরাই যেতেই পারে। অ্যাথলেটিকের সঙ্গে আমি ৩ গোল করতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জয়।’ পরে স্বীকার করেছেন, বাড়তি একজন নিয়ে খেলাটা বার্সাকে সুবিধা দিয়েছে, ‘শুরুটাই আসলে ম্যাচটা বদলে দিয়েছে। আমরা জানি, এসব পরিস্থিতি কীভাবে কাজে লাগাতে হয়।’
বিলবাও অবশ্য শিগগিরই প্রতিশোধের উপলক্ষ পেয়ে যাচ্ছে। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে আগামী পরশুই বার্সার মুখোমুখি হতে হবে। তবে এ ম্যাচে নাও থাকতে পারেন লিওনেল মেসি। গত ম্যাচেই পেশিতে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি মেসি। বার্সা কোচ লুইস এনরিকে অবশ্য জানিয়েছেন, চোটটা তেমন গুরুতর কিছু নয়। শুধু সতর্কতার জন্য মেসিকে আর নামানো হয়নি। জর্ডি আলবার ভাগ্য মেসির মতো সুপ্রসন্ন নয়, হ্যামস্ট্রিংয়ের চোটে ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সা লেফটব্যাক। এএফপি, মার্কা, গোলডটকম।