ঠান্ডা আর বৃষ্টিতে ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২-০ গোলে পিছিয়ে দল, প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় মামুনুলদের শরীরী ভাষাই বুঝিয়ে দিল হতাশা। শেষ পর্যন্ত তাজিকিস্তান বাংলাদেশকে হারিয়েছে ৫-০ গোলে। কাল দুশানবেতে l ছবি: বাফুফে
২-০ গোলে পিছিয়ে দল, প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় মামুনুলদের শরীরী ভাষাই বুঝিয়ে দিল হতাশা। শেষ পর্যন্ত তাজিকিস্তান বাংলাদেশকে হারিয়েছে ৫-০ গোলে। কাল দুশানবেতে l ছবি: বাফুফে

দুশানবের ৬-৭ ডিগ্রির তীব্র ঠান্ডা স্বপ্ন গুঁড়িয়ে হতাশায় ডুবিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে। ম্যাচের সময় বৃষ্টি হলে বেশি সমস্যা হবে—বলেছিলেন কোচ ফাবিও লোপেজ। সমস্যাটা বাড়িয়ে দিতেই কিনা সারা দিনই বৃষ্টি। তাপমাত্রা নেমে গেল আরও। তারই প্রভাবে পাঁচ গোলের বিব্রতকর হার!
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা তাজিক ফরোয়ার্ড মানুশের জালিলভ ৪ গোল করে বৃষ্টিস্নাত সন্ধ্যাটা নিজের করে নিলেন। তাজিকদের সব খেলোয়াড়কে নিয়েই হোমওয়ার্ক করতে লোপেজ ৭০০ ডলার দিয়ে একটা সফটওয়্যার কিনেছিলেন। কদিন আগে চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টের সময় হোটেলে বসে এসব নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেন। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি।
প্রতিকূল আবহাওয়াই শেষ পর্যন্ত হয়ে গেল ‘ভিলেন’। এর সঙ্গে মানিয়ে নিতে সাত দিন আগে গিয়েও ফলশূন্য। লোপেজও ম্যাচের পর আবহাওয়ার দিকেই তুললেন আঙুল, ‘আমরা ম্যাচটা মূলত হেরেছি প্রতিকূল আবহাওয়ায় কারণে। এমন মাঠে খেলে আমরা অভ্যস্ত নই। এই টার্ফে পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। তার ওপর ছেলেরা অনেক মিস পাস করেছে। তাজিকদের আমি ধন্যবাদ জানাই নিজেদের মাঠে তারা ভালো খেলেছে।’
এই বিশ্বকাপ বাছাইপর্বেই তাজিকিস্তানের মাটিতে সর্বশেষ ২০০৭ সালে ৫ গোল খাওয়ার দুঃস্মৃতি আছে বাংলাদেশের। কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে কাল জয়ের আশা নিয়েই নেমেছিল লাল-সবুজের দল। তাজিকদের হারাতে পারলে গ্রুপে চতুর্থ হওয়া যাবে এবং সেই সুবাদে এশিয়া কাপে বাছাইয়ে খেলার সরাসরি সুযোগ আসতে পারে—এমন ম্যাচেই বাংলাদেশ হয়ে গেল অচেনা।
দুশানবের সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠটা হয়ে গিয়েছিল পিচ্ছিল। উপরন্তু ঠান্ডায় খেলোয়াড়দের শরীর বরফের মতো জমে গিয়েছিল। হাতমোজা পরেও রক্ষা পাওয়া যায়নি। দুটি পাসের পরই বল প্রতিপক্ষের পায়ে। অস্ট্রেলিয়ায় কাছে ৫ গোল খাওয়াটা স্বাভাবিক। তাই বলে তাজিকিস্তানও ৫ গোল দেবে?
অধিনায়ক মামুনুল প্লে-মেকারের ভূমিকায় ফিরেও চূড়ান্ত নিষ্প্রভ। মাঝমাঠ বলে কিছু ছিল না। রক্ষণভাগ যেন বালির বাঁধ! গোলরক্ষক সোহেলও সেরা ফর্মে ছিলেন না। আর তাঁরই বা কী করার ছিল! তাজিকরা আক্রমণের ঢেউ তুলছিল যেভাবে, গোল হতে পারত আরও।
লোপেজের দল নির্বাচনও প্রশ্নবিদ্ধ। লেফটব্যাকে খেলা কোমল প্রথম দুটি গোলের দায় এড়াতে পারেন না। অথচ তাজিকদের মাঠে খেলার অভিজ্ঞতা নিয়েও লেফটব্যাক ওয়ালী ফয়সাল সাইড বেঞ্চে। রাইটব্যাক রায়হান স্টপারে। রক্ষণে নড়বড়ে কেষ্ট কুমার ম্যাচের চাপ নিতে পারেননি। নির্ভরযোগ্য ইয়াছিন, নাসিরউদ্দিনদের ঠাঁইও বেঞ্চে!
সারা বছর ঘরোয়া ফুটবলে বেঞ্চে কাটানো দুই ফরোয়ার্ড তকলিচ ও শাখাওয়াত রনিকে একাদশে খেলিয়েছেন কোচ। রনিকে দ্বিতীয়ার্ধে তুলে অভিষেক ঘটানো হয় মাসুক মিয়া জনির। সোহেল রানাও পরে নামলেন, তবে লিগে নিয়মিত ফয়সাল মাহমুদের সুযোগই হয়নি।
ভঙ্গুর ও এলোমেলো এই বাংলাদেশকে সামনে পেয়ে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছে তাজিকরা। ডান দিকের উইং ব্যবহার করে মুহুর্মুহু আক্রমণে উঠেছে। নুরুদ্দিন আর বাসিয়েভ গতির সঙ্গে নিখুঁত পাস খেলে সহজেই ভেঙেছেন বাংলাদেশের রক্ষণ। জালিলভ প্রথমার্ধেই তুলে নেন দুটি গোল।
১৬ মিনিটে কোমল ক্লিয়ার করতে না পারায় প্লেসিং করে গোলের খাতা খোলেন জালিলভ। ২৬ মিনিটেও কোমলের ব্যর্থতা, জালিলভ করলেন ২-০। বিরতির পরপরই নাসিরুল বক্স ফেলে দেন প্রতিপক্ষ খেলোয়াড়কে, পেনাল্টি থেকে ৩-০ করেন নাজারভ। ক্রস থেকে হেডে ৫৯ মিনিটে ৪-০ করে হ্যাটট্রিক পূর্ণ হয় জালিলভের। ৭৩ মিনিটে তাঁর ‘কল্যাণে’ই ৫-০।
এই হারে গ্রুপে পঞ্চমই হতে হচ্ছে বাংলাদেশকে। এশিয়া কাপের বাছাইয়ে ঢুকতে প্লে-অফের পরীক্ষাতেই শেষ পর্যন্ত নামতেই হচ্ছে।
বাংলাদেশ দল: সোহেল, রায়হান, কেষ্ট, নাসিরুল, কোমল, জামাল, মামুনুল, রনি (জনি) হেমন্ত, তকলিচ (সোহেল রানা), জীবন।