ঠিক মানুষের হাতেই নেইমারের পা

• নেইমারের অস্ত্রোপচার করবেন রদ্রিগো লাসমার ও জেরার্ড স্যালিয়েন্ট।
• জিকোর চোট সারিয়েছেন রদ্রিগোর বাবা নেইলর লাসমার।
• রোনালদো ও মাইকেল শুমাখারের অস্ত্রোপচার করেছিলেন স্যালিয়েন্ট।
রিও ডি জেনিরো থেকে গতকালই বেলো হরাইজন্তের মাতের দেই হাসপাতালে পৌঁছেছেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’ জানিয়েছে, আজ এ হাসপাতালে নেইমারের ডান পায়ে অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার ও জেরার্ড স্যালিয়েন্ট। আশির দশকের ব্রাজিল সমর্থকেদের কাছে ‘লাসমার’ নামটা কি পরিচিত লাগছে? তাহলে খুলেই বলা যাক—
লাসমার পরিবারের সঙ্গে ব্রাজিল জাতীয় দলের তারকাদের যোগসূত্র বেশ পুরোনো। রদ্রিগো লাসমারের বাবা নেইলর লাসমারও একসময় ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক ছিলেন। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিল দলের সঙ্গে ছিলেন নেইলর। মেক্সিকো বিশ্বকাপের (’৮৬) আগের বছর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল জিকোর। নেইলর তাঁকে সারিয়ে তুলেছিলেন।
ব্রাজিল দলে নেইমার এখন যেমন সেরা তারকা, সেই সময় ‘গালিনহো’ (জিকো ; চুলে ঝুঁটি থাকায় তাঁকে ‘মোরগে’র নামে ডাকা হতো) ঠিক তাই। জিকো ছাড়া বিশ্বকাপে খেলা ভাবতেই পারেনি ব্রাজিল। কিন্তু পরিস্থিতি সে রকমই দাঁড়িয়েছিল। নেইলর চ্যালেঞ্জটা নিয়ে সারিয়ে তুলেছিলেন জিকোকে। তবে জিকো কিন্তু পুরো ফিট হয়ে সেই বিশ্বকাপ খেলতে পারেননি। শুধু নেইলরের ‘সার্জিক্যাল নাইফ’-এর জাদুতে তাঁকে বিশ্বকাপ দলে পেয়েছিলেন ‘রোমান্টিক কোচ’ টেলে সান্তানা।

রদ্রিগো লাসমার কিন্তু সেই অস্ত্রোপচারের চাক্ষুষ সাক্ষী। ১৪ বছরের রদ্রিগোকে সামনে রেখেই জিকোর পায়ে ছুরি চালিয়েছিলেন নেইলর। সেই সময়ের তুলনায় নিজের চিকিৎসক ছেলেকে কিন্তু ভাগ্যবান বলেই মনে করছেন নেইলর। পর্যাপ্ত সময় হাতে পাওয়াই কারণ। নেইলরের ভাষায়, ‘রদ্রিগো এবং নেইমারের চেয়ে সেই সময়টা কঠিন ছিল। কারণ, সেরে উঠতে তাঁর (নেইমার) হাতে বেশ ভালো সময় আছে।’
স্পেন বিশ্বকাপ (১৯৮২) নিয়েও ছুরি চালানোর স্মৃতি রয়েছে নেইলরের। টেলে সান্তানা সেবারও ব্রাজিল দলের কোচ। আক্রমণ ছাড়া তাঁর মাথায় আর কিছুই ছিল না। কিন্তু সান্তানাকে সবচেয়ে বাজে খবরটাই দিয়েছিলেন নেইলর। তখনকার উঠতি স্ট্রাইকার ক্যারেকা (ন্যাপোলির আক্রমণভাগে একসময় ম্যারাডোনার সতীর্থ) কুঁচকিতে চোট পাওয়ায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখার সুপারিশ করেছিলেন নেইলর। শেষ পর্যন্ত তাই ঘটেছিল এবং স্পেনে গিয়ে ব্রাজিল শিরোপা জিততে না পারলেও ‘বিশ্বকাপ না জেতা সেরা দল’-এর তকমা নিয়ে ফিরেছিল।

‘সেলেকাও’দের সঙ্গে রদ্রিগোর পথচলার শুরু ২০০১ সাল থেকে। তাঁর বাবা বিশ্বকাপের দেখা না পেলেও রদ্রিগো কিন্তু দায়িত্ব পাওয়ার পরের বছরই ছুঁয়েছেন বিশ্বকাপ। ২০০২ জাপান-কোরিয়া আসর। সেই বিশ্বকাপের আগে মৌসুমের মাঝপথে ডান পায়ে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন রিভালদো। তাঁর ক্লাব বার্সেলোনাও অস্ত্রোপচারের পক্ষে ছিল। কিন্তু বাদ সেধেছিলেন রদ্রিগো। এ নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও বার্সার মধ্যে কম চুলোচুলি হয়নি!
কিন্তু শেষ পর্যন্ত রদ্রিগোই জিতেছিলেন। অস্ত্রোপচার ছাড়াই সেই বিশ্বকাপ খেলা রিভালদো অনেক বিশ্লেষকের মতে, সেই আসরের সেরা খেলোয়াড়। দ্বিমত পোষণকারীরা হয়তো বলবেন রিভালদো নয়, রোনালদো জাপান-কোরিয়া আসরের সেরা খেলোয়াড়। তো, এই রোনালদোরও কিন্তু সেই বিশ্বকাপে খেলা হতো না। ইতালিয়ান কাপে লাৎসিওর বিপক্ষে হাঁটুর ‘প্যাটেলার টেন্ডন’ ভেঙে ফেলেছিলেন তখন ইন্টার মিলানে খেলা এ স্ট্রাইকার। পিএসজির চিকিৎসক জেরার্ড স্যালিয়েন্ট সেই সময় নিজ উদ্যোগে রোনালদোর পায়ে অস্ত্রোপচার করিয়ে সুস্থ করে তুলেছিলেন। বাকিটা ইতিহাস!

সেই ইতিহাসেরই কারিগর স্যালিয়েন্ট এবার অস্ত্রোপচার করবেন নেইমারের পায়ে। ইনি সেই চিকিৎসক, যাঁর ছুরির জাদুকরী ছোঁয়ায় ১৯৯৯ সালে ভয়াবহ দুর্ঘটনার পরও সুস্থ হয়ে উঠেছিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার। তাহলে নেইমার কেন নয়?