ডনচেস্টার খেল গোল, জিতল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রো-ইন থেকে বারির জালে বল জড়িয়েই নিজের ভুল স্বীকার করলেন ডনচেস্টারের হ্যারি ফরেস্টার। ছবি: দ্য মিরর।
থ্রো-ইন থেকে বারির জালে বল জড়িয়েই নিজের ভুল স্বীকার করলেন ডনচেস্টারের হ্যারি ফরেস্টার। ছবি: দ্য মিরর।

স্ট্রাইকার বল নিয়ে এগোচ্ছেন গোলবারের দিকে। গোলরক্ষককে সামনে পেয়ে একটু মজাও করে নিলেন, দেখালেন কারিকুরি। এরপরই জালে জড়িয়ে দিলেন বল। গোলের উল্লাসও ছড়িয়ে পড়ল চারদিকে। কিন্তু একি! দর্শকেরা স্বপ্ন দেখছেন না তো! নাকি এটা গোলরক্ষকের কোনো রসিকতা! গোল খেয়ে প্রতিপক্ষের স্ট্রাইকারকে কেউ অভিনন্দন জানায় নাকি!
আশ্চর্য হলেও সত্য, ইংলিশ লিগের তৃতীয় বিভাগে গতকাল শনিবার ঘটেছে এমনই এক ঘটনা। গোল খেয়ে গোলরক্ষক অভিনন্দিত করেছেন প্রতিপক্ষের খেলোয়াড়কে। খেলোয়াড়ি সম্প্রীতির এমন বিরল উদাহরণ গড়া দলটি ফিফার কাছ থেকে একটা পুরস্কার আশা করতেই পারে।
মূল ঘটনাটা বলেই ফেলা যাক। ইংলিশ লিগের তৃতীয় বিভাগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ডনচেস্টার ও বারি। খেলার অন্তিম লগ্নে মাঝমাঠ থেকে বারির আক্রমণভাগের খেলোয়াড় লিওন ক্লার্ক মাঝমাঠ থেকে বল নিয়ে এগোতেই ডনচেস্টারের খেলোয়াড়েরা যেন একে একে তাঁকে জায়গা ছেড়ে দিতে থাকল। গোলরক্ষক থরস্ট্যান স্টাকমান এমন একটা ভাব করলেন যে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বেন ক্লার্কের পায়ে। কিন্তু ‘গ্যালারি শো’ দেখিয়ে তিনিও সরে গেলেন। ক্লার্ক বলটা জালে জড়িয়ে দিতেই ডনচেস্টারের খেলোয়াড়েরা ফেললেন স্বস্তির নিঃশ্বাস।
পাঠকেরা নিশ্চয়ই একটি পাতানো খেলার বর্ণনা পড়ার শঙ্কায় আছেন। কিন্তু না। বারির বিপক্ষে ডনচেস্টারের খেলোয়াড়েরা ওই গোলটি ইচ্ছা করেই হজম করেছে, কারণ, এর কিছুক্ষণ আগেই যে একটি থ্রো-ইন থেকে যেখানে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেওয়ার কথা, সেখানে ভুল করে গোল করে বসেছিল ডনচেস্টার।
ফুটবলে অনেক সময় প্রীতি থ্রো-ইন দেখা যায়। অর্থাৎ, থ্রো পেলেও সেই বলটি ছুড়ে দেওয়া হয় প্রতিপক্ষের দিকে। সাধারণত প্রতিপক্ষের কোনো খেলোয়াড় আহত হলে বা অন্য কোনো সমস্যায় এই প্রীতি থ্রো-ইন দিয়ে খেলায় সমন্বয় করেন রেফারি। শনিবার ডনচেস্টারও ঠিক এমনই একটি থ্রো-ইন পেয়ে ‘ভুল করে’ গোল করে বসেছিল। ফুটবলের আইনে যে গোলটি বাতিল করার কোনো উপায় ছিল না রেফারির। শেষ মিনিটে তাই ইচ্ছা করে গোল খেয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করে ডনচেস্টার।
ডনচেস্টার কোচ পল ডিকভের মস্তিষ্কপ্রসূত ব্যাপার এটি। প্রীতি থ্রো থেকে গোল করে বসায় অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই খেলোয়াড়দের নির্দেশ দিয়ে দিয়েছিলেন ইচ্ছা করে একটি গোল খেতে। কোচের নির্দেশনা শুনেই স্ট্রাইকার ক্লার্কের পথ থেকে সরে গিয়েছিলেন ডনচেস্টারের খেলোয়াড়েরা।
ডল ডিকভ জানালেন, এভাবে ম্যাচটা জিততে চাননি তিনি। পুরো ব্যাপারটাই তাঁর কাছে নাকি ‘অভদ্রতা’ মনে হয়েছে। তাই গোল খেয়ে সেই ‘অভদ্রতার’ প্রায়শ্চিত্ত করেছেন তিনি।
ক্রীড়াঙ্গন থেকে নৈতিকতা তাহলে এখনো হারিয়ে যায়নি! সূত্র: দ্য মিরর।