ডর্টমুন্ড-হামলার পর শঙ্কা এখন রিয়ালকে নিয়ে

গত রাতে বোমা হামলার শিকার হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিপক্ষে মাঠে যাওয়ার পথেই ডর্টমুন্ডের বাসের পাশে বিস্ফোরিত হয়েছে শক্তিশালী বোমা। এতে আহত হওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে মার্ক বার্ত্রাকে। এ ঘটনার পর শঙ্কা জেগেছে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ নিয়েও। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে এ ম্যাচ নিয়ে।
ডর্টমুন্ড-হামলার ধাক্কাটা সামলে নিতে সময় লাগবে ফুটবলের। তবে আজ রাত ১০.৪৫ মিনিটেই সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচটি খেলতে নামবে ডর্টমুন্ড-মোনাকো। এর দুই ঘণ্টা পরে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবে বায়ার্ন-রিয়াল। কালকের ঘটনার পর জার্মান পুলিশ আর কোনো ঝুঁকি নিচ্ছে না। কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে এ দুই দলকে।
যাত্রাপথে যেন কোনো সমস্যা না হয় সে জন্য হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলের টিমবাসকেই নেওয়া হবে পুলিশ পাহারায়। এমনকি পূর্বনির্ধারিত রুটও বদলে নেওয়া হয়েছে। স্টেডিয়ামের আশ পাশেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার রিয়াল সমর্থক এ ম্যাচটা দেখতে মিউনিখে গেছেন, তাদের নিরাপত্তাও আলাদা গুরুত্ব পাচ্ছে জার্মান পুলিশের কাছে। সাধারণত স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীরা সংখ্যা ৭০০ থাকলেও আজকের ম্যাচে সেটা ৩০০ থেকে ৪৫০ জন বাড়ানো হবে। মার্কা