ডর্টমুন্ডে চাপে আছেন, হরলান্ডের অভিযোগ

অবশেষে ডর্টমুন্ডের বিপক্ষে মুখ খুলেছেন হরলান্ডছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর ফুটবল দুনিয়ার দখল যে আর্লিং হরলান্ড আর কিলিয়ান এমবাপ্পেই নেবেন, সেটা মেনে নিয়েছেন প্রায় সবাই। বিশ্ব ফুটবলের উঠতি তারকাদের কথায় এ দুজনের নামই সবার আগে আসে।

স্বাভাবিকভাবেই দলবদলের বাজারে এ দুজনকে নিয়েই এখন সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায়। আর্লিং হরলান্ডের দিকে যেমন চেয়ে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, চেলসি আর বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো।
হরলান্ড নিজেও জানেন সেটি। জানেন, ক্লাব বদলালে বিশ্বের অন্যতম শীর্ষ বেতনভোগী খেলোয়াড় হওয়ার সামর্থ্য ও সম্ভাবনা—দুটিই আছে তাঁর।

আর্লিং হরলান্ড
ছবি: রয়টার্স

কিন্তু ডর্টমুন্ডই বা তাঁদের সোনার ডিম পাড়া হাঁসকে সহজে ছেড়ে দেবে কেন? এমনিতেই ডর্টমুন্ড থেকে খেলোয়াড় কেনা যে কতটা ঝক্কির কাজ, সেটা উসমান দেম্বেলেকে আনতে গিয়ে বার্সেলোনা আর জেডন সানচোকে আনতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড হাড়ে হাড়ে টের পেয়েছে।

আগামী দলবদলে হরলান্ডকে যে ধরে রাখতে পারবে না, সেটা ডর্টমুন্ড বেশ ভালোভাবেই জানে। হরলান্ড নিজেও বোঝেন, আগামী গ্রীষ্মে আরও বড় ক্লাবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাঁর। যে কারণে অবশেষে ডর্টমুন্ডের বিপক্ষে মুখ খুলেছেন তিনি। অনুচ্চারে তাঁর প্রতি আগ্রহী ক্লাবদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন, ‘এসো, আমাকে এখান থেকে নিয়ে যাও!’

হরলান্ডের পূর্ণ মনোযোগ শুধু মাঠের খেলাতেই
ছবি: রয়টার্স

গত ম্যাচে ফ্রাইবুর্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ড। হরলান্ড একাই করেন দুই গোল। ম্যাচশেষে যথারীতি তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা উঠলে হরলান্ড আকারে-ইঙ্গিতে ডর্টমুন্ডকেই দোষারোপ করেছেন।

ভায়াপ্লেকে দেওয়া সাক্ষাৎকারে এই স্ট্রাইকার জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে তাঁর ওপর চাপ প্রয়োগ করছে ডর্টমুন্ড, ‘গত ছয় মাসে আমি ডর্টমুন্ডের বিপক্ষে কিছু বলিনি, কারণ, আমি ডর্টমুন্ডকে সম্মান করি। কিন্তু আমি আগামীতে কী করব, সেটা নিয়ে ডর্টমুন্ড আমার ওপর চাপ প্রয়োগ করা শুরু করেছে। কিন্তু আমি শুধুই ফুটবল খেলতে চাই। তাঁদের চাপ দেখে মনে হচ্ছে আমাকে খুব শিগগির একটা সিদ্ধান্তে আসতে হবে।’

তবে হরলান্ডের পূর্ণ মনোযোগ শুধু মাঠের খেলাতেই, ‘আমি শুরু থেকেই বলেছি মাঠের খেলার দিকে আমি আমার ফোকাস ধরে রাখতে চাই। কারণ, ওই কাজটাই আমি সবচেয়ে ভালো পারি, অন্য কোনো কাজ নয়। কিন্তু ওরা (ডর্টমুন্ড) আমাকে ভবিষ্যৎ নিয়ে চাপ দিচ্ছে। অর্থাৎ এখনই আমাকে এ নিয়ে সিদ্ধান্ত দিতে হবে।’


ডর্টমুন্ডের সঙ্গে হরলান্ড যদি চুক্তি নবায়ন না করেন, আগামী গ্রীষ্মে সাড়ে ৬০ কোটি পাউন্ড দিলেই হরলান্ডকে পাওয়া যাবে। ডর্টমুন্ড কেনই বা উতলা হবে না!