ডর্টমুন্ডের অনেক পাওয়ার ম্যাচ
বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর থেকেই মাঠের বাইরে। কিন্তু লিগে তাঁর দলের শেষ ম্যাচটিতে আর বাইরে থাকতে চাইলেন না মার্কা বার্ত্রা। তার ওপর এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল বরুসিয়া ডর্টমুন্ডের সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলা।
পরশু তাই বার্ত্রা খেললেন। তাঁর দলও ৪-৩ ব্যবধানে ভেরডার ব্রেমেনকে হারিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলা নিশ্চিত করল।
গত ১১ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর আবার মাঠে ফিরতে পেরে রোমাঞ্চিত ছিলেন বার্ত্রা, ‘এটা আমার পেশাদার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ওই বিস্ফোরণের ঘটনায় খুব কষ্ট পেয়েছি। অনেক দিন মাঠের বাইরেও থাকতে হয়েছে। এই ম্যাচটা তাই শুধু ৩ পয়েন্টের ব্যাপার ছিল না আমার জন্য। খেলতে নামাটাই আসল ছিল। এটা করতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’
দর্শকেরাও গলা ফাটিয়ে স্বাগত জানিয়েছেন বার্ত্রাকে, ম্যাচ শেষে তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন সতীর্থরাও। ডর্টমুন্ড কোচ টমাস টুখেলও আনন্দিত তাঁর ডিফেন্ডারকে আবার মাঠে পেয়ে, ‘আজ বার্ত্রা আমাদের সঙ্গে আবারও যোগ দিয়েছে, এটা দলের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক।’
ডর্টমুন্ডের ৪ গোলের দুটি করেছেন মার্কো রয়েস, দুটি পিয়েরে অবামেয়াং। জোড়া গোল দিয়েই বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কিকে (৩০) পেরিয়ে বুন্দেসলিগায় এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন অবামেয়াং (৩১)। গোলডটকম।