ডর্টমুন্ডের বাসে জঙ্গি হামলায় আহত বার্ত্রা

সন্ত্রাস ছেড়ে কথা বলছে না ফুটবলকেও। গত রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিপক্ষে ম্যাচে মাঠে যাওয়ার পথেই বরুসিয়া ডর্টমুন্ডের বাসের পাশে বিস্ফোরিত হয়েছে শক্তিশালী বোমা। সরাসরি বাসে না হলেও কাছাকাছি জায়গায় বোমার বিস্ফোরণে ডর্টমুন্ডের বাসের এক দিকের জানলার কাচ ভেতরে ঢুকে গেছে। আর এতে আহত হয়েছেন ডর্টমুন্ডের স্প্যানিশ ফুটবলার মার্ক বার্ত্রা। এই ঘটনায় ডর্টমুন্ড-মোনাকো ম্যাচটি কাল হয়নি। আজ একই সময়ে ম্যাচটি হওয়ার কথা।
ম্যাচের আগে মাঠের উদ্দেশে হোটেল ছাড়ার ঠিক পর মুহূর্তেই পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয় ডর্টমুন্ডের বাসের কাছে। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। উড়ন্ত কাচের টুকরায় হাতে আঘাত পান বার্ত্রা। পরে তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়। ডর্টমুন্ড ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, বার্ত্রা এখন শঙ্কামুক্ত।
ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স জোয়াকিম ওয়াজকে বলেছেন, ‘বিস্ফোরণের পর গোটা টিমই হকচকিয়ে গেছে। পরিস্থিতি কতটা ভয়ংকর ছিল, সেটা কল্পনা করাও কঠিন।’
পুরো ব্যাপারটিকে পরিকল্পিত হামলা বলছেন জার্মান সিটি পুলিশ প্রধান গ্রেগর লাঞ্জ, ‘আমাদের মতে এটি ডর্টমুন্ড ক্লাবের খেলোয়াড়দের লক্ষ্যবস্তু করে একটি পরিকল্পিত হামলা।’ জার্মান সরকার এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র তদন্ত করে দেখছে।
হামলার পর তাৎক্ষণিক তদন্তে দেখা গেছে বিস্ফোরকটি রাস্তার ধারে একটি ঝোপের আড়ালে লুকানো ছিল। জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, বোমাটি তৈরিতে পাইপ ব্যবহার করা হয়েছে। এটি ঘরে তৈরি বোমা বলে মনে করছে জার্মান পুলিশ। ঘটনাস্থলে হামলার দায় স্বীকার করে একটি চিরকুটও পাওয়া গেছে। পুলিশ সেই চিরকুটের সত্যতাও তদন্ত করে দেখছে।
গত রাতে এই হামলার পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তোলপাড়। সবাই শঙ্কিত হয়ে পড়েন ডর্টমুন্ড ফুটবলারদের নিরাপত্তা নিয়ে। ক্লাব জানিয়েছে, খেলোয়াড়েরা প্রথমে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়লেও পরে তারা সামলে ওঠেন। বার্সেলোনা ছেড়ে ডর্টমুন্ডে নাম লেখানো ডিফেন্ডার বার্ত্রার আঘাত কিছুটা গুরুতর হলেও বাকিরা সুস্থই আছেন।
গত বছর প্যারিসে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার একটি প্রীতি ম্যাচে স্টেডিয়ামে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরে ম্যাচটি বাতিল করা হয়। গতকাল এই হামলার পর ফুটবল দুনিয়ায় নতুন করে আবারও ছড়িয়ে পড়েছে শঙ্কা আর আতঙ্ক। রাজনীতির সাতে-পাঁচে না থাকা সাধারণ মানুষ অনেক আগেই জঙ্গিবাদের সরাসরি হামলার শিকার হয়েছেন। বিচ্ছিন্নভাবে খেলার দুনিয়ায় নানা সন্ত্রাসী হামলা হলেও এত দিন সরাসরি এভাবে গায়ে খুব বেশি আঁচ লাগেনি। এখন তো দেখা যাচ্ছে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু সবাই! সূত্র: এএফপি।