ডাকছে 'ডাবল', ডাকছে 'ট্রেবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে সতীর্থরা যেমন তাঁর ওপর চড়ে বসেছেন, তেমনি রোনালদোর ওপর ভর করেই মৌসুম শেষের সব বড় পরীক্ষায় ‘পাস’ করেছে রিয়াল। পরশু সেল্টা ভিগোর বিপক্ষেও জিতে রিয়াল এখন লিগ তো বটেই, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ‘ডাবলে’র স্বপ্নেই বিভোর।
ছবিতে সতীর্থরা যেমন তাঁর ওপর চড়ে বসেছেন, তেমনি রোনালদোর ওপর ভর করেই মৌসুম শেষের সব বড় পরীক্ষায় ‘পাস’ করেছে রিয়াল। পরশু সেল্টা ভিগোর বিপক্ষেও জিতে রিয়াল এখন লিগ তো বটেই, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ‘ডাবলে’র স্বপ্নেই বিভোর।

জিনেদিন জিদান কিংবা ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি—দুজনের কাউকে দেখে বা কথা শুনে ওরকম কিছু এখনই আঁচ পাওয়া যাচ্ছে না। কিন্তু দুজনের মাথায়ই যে ‘৩ জুন, কার্ডিফ’ ঘুরপাক খাচ্ছে, সেটা কে না জানে! চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বলে কথা! ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ট্রফি হাতে নেওয়ার স্বপ্ন নিয়ে যে ফাইনালে জিদানের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যালেগ্রির জুভেন্টাস।
তার আগে অবশ্য ছোটখাটো কিছু কাজ বাকি আছে দুই ক্লাবেরই। পাঁচ বছর পর লা লিগার ট্রফি এখন সুবাস ছড়াচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। ওদিকে টানা ষষ্ঠবারের মতো সিরি ‘আ’ জেতার সুযোগ জুভেন্টাসের। দুটির কোনোটাই এই মুহূর্তে কঠিন মনে হচ্ছে না।
শেষ দুই ম্যাচে দরকার ৪ পয়েন্ট, তাতেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল মাদ্রিদ—এমন হিসাব সামনে রেখে সেল্টা ভিগোর বিপক্ষে পরশুর ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোরা কাজটা এগিয়ে রেখেছেন অনেকটুকু। ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল, রোনালদো নিজেই করেছেন দুই গোল। সমীকরণটা এখন খুব সহজ। মালাগার বিপক্ষে শেষ ম্যাচটা ড্র করতে পারলেই রিয়াল লা লিগা চ্যাম্পিয়ন। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ওটা জিতলে হয়ে যাবে ‘ডাবল’ও।
পরশু রাতেই লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস। সিরি ‘আ’-তে বাকি দুই ম্যাচ। যে দুই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ‘ডাবল’ জেতা হয়ে যাবে জুভেন্টাসের। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ওটা জিতলে হয়ে যাবে ‘ট্রেবল’ও। কিন্তু সমস্যা হচ্ছে, রিয়ালের ‘ডাবল’ বা জুভেন্টাসের ‘ট্রেবল’ দুটিই হওয়া সম্ভব নয়। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল তো জিতবে যেকোনো একটা দল!
১৯৫৭-৫৮ মৌসুমের পর রিয়াল মাদ্রিদের কখনো লিগ ও চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতা হয়নি। ‘ট্রেবল’ তো কখনোই না। ইউরোপের অনেক ক্লাবেরই ‘ট্রেবল’ জয়ের কীর্তি আছে, অথচ ইউরোপের সফলতম দল রিয়ালের সেটা নেই! এই আক্ষেপ দূর করার একটা সুযোগ তৈরি হয়েছিল এই মৌসুমে। কিন্তু কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় সেল্টা ভিগোর কাছে হেরে। সেই সেল্টাকেই পরশু হারিয়ে লিগ শিরোপার পথে একটু এগিয়ে গেল জিদানের দল। ডাবলের পথেও কি? জিদান কিন্তু এখনো কোনো কিছু নিশ্চিত ধরে নিচ্ছেন না, ‘সবচেয়ে কঠিন সময়টা বাকি রয়ে গেছে। তবে আমরা প্রতিদিনই একটু একটু করে (শিরোপার দিকে) এগোচ্ছি।’

পরশু ইতালিয়ান লিগ কাপ জেতার পর দিবালা-হিগুয়েইনদের চোখে ভাসছে জুভেন্টাসকে ট্রেবল জেতানোর স্বপ্ন l টুইটার ও এএফপি
পরশু ইতালিয়ান লিগ কাপ জেতার পর দিবালা-হিগুয়েইনদের চোখে ভাসছে জুভেন্টাসকে ট্রেবল জেতানোর স্বপ্ন l টুইটার ও এএফপি

কখনো ‘ট্রেবল’ জেতা হয়নি জুভেন্টাসেরও। ২০১৪-১৫ মৌসুমে লিগ আর কাপ জিতলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারতে হয়েছিল বার্সেলোনার কাছে। সেই জুভেন্টাস দুই বছরের মধ্যেই আরও একটা সুযোগ পেয়েছে এবার।
দুই দলের জন্যই তাই শেষ পর্যন্ত এটা হতে পারে স্বপ্নপূরণের মৌসুম। সেই পথে রিয়াল ও জুভেন্টাস আরেকটু এগিয়ে যেতে পারে কি না, তা কিন্তু বোঝা যাবে আগামী রোববারেই। ওই দিনই মালাগার বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচটা খেলবে জিনেদিন জিদানের দল। একই দিন সিরি ‘আ’-র পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থাকা ক্রোতোনের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে শীর্ষে থাকা জুভেন্টাসও।
জিতে গেলে সেদিনই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে জুভেন্টাস। তবে দলের ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির চোখেমুখে কিন্তু আরও বড় কিছুর স্বপ্ন, ‘রোববারের ম্যাচটা আমাদের জন্য আরও একটা ফাইনাল। মৌসুমের দ্বিতীয় শিরোপাটা সেদিনই ঘরে তুলতে হবে। তারপর সবাই মিলে কার্ডিফের কথা ভাবব।’ এএফপি, রয়টার্স।