ডাকনামে ডাকতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পেলে-গারিঞ্চাকে পুরো বিশ্ব চেনে ডাকনামে। কিন্তু ব্রাজিল দল থেকে হারাতে বসেছে ডাকনামের সংস্কৃতি
এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)
এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)

তিতের কোচিংয়ে বদলে গেছে ব্রাজিল। দুঙ্গার আমলের বিরক্তিকর ফুটবল ঝেড়ে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও ফোটাচ্ছে সুন্দর ফুটবলের ফুল। তবে রাশিয়ায় ব্রাজিল দলে সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু মাঠে হয়নি। অনুশীলনে কিংবা ড্রেসিংরুমেও তা খুঁজলে পাবেন না। সবচেয়ে বড় বদলটা যে এসেছে খেলোয়াড়দের নামে! ১৯৭৪ বিশ্বকাপের পর এবারই প্রথম ব্রাজিলের কোনো খেলোয়াড়কে তাঁর ডাকনামে কেউ চেনে না। নেইমার-কুতিনহোরা নিজেদের পরিবারের দেওয়া নামেই সারা বিশ্বে পরিচিত।

ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা সাধারণত এক শব্দের নামেই পরিচিত। যে নামটা আবার বেশির ভাগ সময় তাঁদের বাবা-মায়ের দেওয়া নয়। খেলতে খেলতে কিংবা জীবনের কোনো একটা সময়ে পেয়ে যাওয়া কোনো ডাকনাম! পেলে-গারিঞ্চা-জিকোরাই যার বড় উদাহরণ। সেই নামগুলো ভিনদেশিদের কানে অনেক সময় হয়তো অদ্ভুতুড়ে শোনায়। ব্রাজিলের এবারের দলেই যেমন কোনো ‘ছোট পয়সা’ নেই (পর্তুগিজ ভাষায় টোস্টাও নামের অর্থ), নেই কোনো ‘সুপারহিরো’ (হাল্ক), বা ‘সাত বামন’-এর কেউ (দুঙ্গা বা ডোপি)। এদের বদলে আছে ডগলাস, ফ্রেড ও মার্সেলোর মতো স্কুল-কলেজ কিংবা অফিস-আদালতে ব্যবহৃত আনুষ্ঠানিক সব নাম।

ম্যানুয়েল দস সান্তোস (গারিঞ্চা)
ম্যানুয়েল দস সান্তোস (গারিঞ্চা)


খেলোয়াড়েরা এখন শৈশব থেকেই ‘তারকা’ হয়ে উঠতে চান। কিন্তু ভালো কোনো নাম না থাকলে তারকা হয়ে ওঠাটা একটু কঠিনই হয়ে পড়ে। যদি শরীরের কোনো অঙ্গের নামে আপনি পরিচিত হন যেমন বিগোদে (গোঁফ, জোয়াও ফেরেইরা)। কিংবা কোনো জাতীয়তার নামে, আলেমাও (জার্মান, কারণ রিকার্ডো রোজারিও দে ব্রিতোর সোনালি চুল ও নীল রঙের চোখ ছিল)। কিংবা পরিচিত হন শুধুই গায়ের রঙের নামে ব্রাঙ্কো (সাদা, সে সময়ে ব্রাজিল দলে শুধু ক্লদিও ইব্রাহিম ভাজ লিলই শ্বেতাঙ্গ ছিলেন)। তবে তারকা হওয়া সহজ হবে না।

ফুটবল এখন পুরোপুরিই বাণিজ্যিক। আর ব্রাজিলে ফুটবল আগের মতো অতটা পূজনীয়ও নয়। ব্রাজিলিয়ান ফুটবল থেকে ধীরে ধীরে ডাকনাম হারিয়ে যাওয়ার কারণ হিসেবে এ দুটোকেই দাঁড় করালেন ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবোর ক্রীড়া সম্পাদক মারভিও দস আনজোস। আনজোস জানালেন, এখন নাকি ব্রাজিলের ক্লাবগুলোই ডাকনামকে নিরুৎসাহিত করে, ‘ফুটবল এজেন্ট ও ক্লাবের পরিচালকেরা ফুটবলারদের ডাকনাম ব্যবহার করতে দিতে চান না। কারণ, আপনার নাম যদি হাল্ক হয়, তবে আপনাকে সবুজ রঙে রাঙিয়ে নিজের নামের মতো হতে বাধ্য করবে বিপণন কোম্পানিগুলো। এসব কারণেই ফুটবল থেকে রসকষ হারিয়ে যাচ্ছে। খেলাটা হয়ে যাচ্ছে গুরুগম্ভীর।’

এদুয়ার্দো গন আলভেস দি আন্দ্রেদে (টোস্টাও)
এদুয়ার্দো গন আলভেস দি আন্দ্রেদে (টোস্টাও)

এই গুরুগম্ভীরতা যদি যুগ যুগ ধরে চলে আসত, তবে ব্রাজিলিয়ান ফুটবলের গল্পটাই হয়তো অন্য রকমভাবে লিখতে হতো। ফুটবল কিংবদন্তি পেলে নিজের নামটা পেয়েছিলেন বন্ধুদের কাছে থেকে। কেমন হতো যদি সবাই তাঁকে এডসন আরান্তেস দো নাসিমেন্তো নামে চিনত! বা গারিঞ্চার কথাই ধরুন। যে কিনা শৈশবে তাঁর বয়সী বাকি বন্ধুদের চেয়ে আকারে ছোট ছিলেন। বোন রোজার কাছে তাঁকে ছোট্ট রেন পাখির মতো লাগত। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে রেন পাখিকে গারিঞ্চা নামে ডাকা হয়।

কার্লোস কাতানো ব্লেদর্ন ভেরি (দুঙ্গা)
কার্লোস কাতানো ব্লেদর্ন ভেরি (দুঙ্গা)


তা গারিঞ্চার আসল নাম জানেন তো? ম্যানুয়েল দস সান্তোস। পর্তুগিজ ভাষাভাষীদের কাছে ম্যানুয়েল দস সান্তোসও নামটা খুব প্রচলিত। পেলে-গারিঞ্চাদের উত্তরসূরি জিকোর নামেও মাঠে সমর্থকেরা স্লোগান ধরতেন না। বরং তাঁদের স্লোগান দিতে হতো আর্থার আনতুনেস কইমব্রার নামে!
আরাধ্য হেক্সা অর্থাৎ বিশ্বকাপ মিললে ব্রাজিল–সমর্থকদের অবশ্য এসব নামেটামে কিছু আসবে যাবে বলে মনে হয় না। অনেক সমর্থক হয়তো এসব খেয়ালও করবেন না। কিন্তু এই ডাকনামগুলো তো ফুটবলকেই আলাদা রঙে রাঙিয়ে দেয়। কিন্তু অর্থের জোগানদাতাদের ঠিক করা মানদণ্ডের কারণে ব্রাজিলের ফুটবল থেকে ধীরে ধীরে ডাকনাম হারিয়ে যাচ্ছে। সঙ্গে ফুটবল ইতিহাসের সবচেয়ে রঙিন দেশ হারাচ্ছে রং। অনেক সমর্থকের মনের কথাটা বলে দিলেন দস আনজোস, ‘এটা (ডাকনাম না থাকা) খেলাটা থেকে মজা কেড়ে নিচ্ছে।’