ডাগ-আউটে ও তারকা যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথা মনে আছে? ওয়েম্বলিতে সেদিন টিকি-টাকায় মুগ্ধতা ছড়িয়েছিল পেপ গার্দিওলার বার্সেলোনা। ম্যাচটা ৩-১ গোলে জিতে করেছিল শিরোপার উচ্ছ্বাস। গার্দিওলার দলের সেদিনের পারফরম্যান্সকে একটি শব্দেই হয়তো বর্ণনা করা যায়—মাস্টারক্লাস!

ওই ম্যাচের স্মৃতি সম্ভবত ম্যানচেস্টারের দুই ক্লাবের সমর্থকদের মনে এখনো গেঁথে আছে। ইউনাইটেড সেদিন ওয়েম্বলিতে কেঁদেছিল। আর নগরপ্রতিদ্বন্দ্বীদের অসহায় আত্মসমর্পণ দেখে সেদিন অন্য রকম পুলক অনুভব করেছিল সিটির সমর্থকেরা। সেদিনের সেই বার্সেলোনার কোচ বায়ার্ন মিউনিখ ঘুরে আজ ইতিহাদে।

অবশ্য সেই ম্যাচ আর গার্দিওলাকে নিয়ে ভাবতে বয়েই গেছে ইউনাইটেডের! তারাও যে পেয়ে গেছে ‘বিশেষ একজন’কে—হোসে মরিনহো। মনস্তাত্ত্বিকভাবে, মাঠের কৌশলে গার্দিওলার ‘নেমেসিস’ মরিনহো। নীল রঙের মায়া কাটিয়ে আসন্ন মৌসুমেই পর্তুগিজ কোচ গলায় ঝোলাবেন লালরঙা টাই। চেলসির তাতে ‘মায়াকান্নার’ কিছু নেই। তারাও পেয়ে গেছে বিশেষ একজন কোচ। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ নন, ইনি নাম পেতে চান কাজের মাধ্যমে। ইতালির আন্তোনিও কন্তে।

গার্দিওলা, মরিনহো, কন্তে—নতুন ঠিকানায় একই লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছেন তিন কোচ। ইয়ুর্গেন ক্লপ ও আর্সেন ওয়েঙ্গার তো আগে থেকেই ছিলেন, তাঁদের সঙ্গে দৌড়ে নামলেন এঁরা তিনজনও। সব মিলিয়ে আসন্ন মৌসুমের প্রিমিয়ার লিগকে বলতে হচ্ছে বর্তমান সময়ের সেরা কোচদের মিলনমেলা। তাতে কৌতূহল জাগাচ্ছেন ‘নতুন’ তিন তারা, নতুন ক্লাবে এসে কেমন করবেন তাঁরা?

কন্তে ও গার্দিওলার জন্য চ্যালেঞ্জটা একেবারেই নতুন। ইংল্যান্ডের আবহাওয়া, ইংলিশ ফুটবল। দুজনের ক্যারিয়ার-বৃত্তান্ত বলে এসবের সঙ্গে মানিয়ে নেওয়া তাঁদের জন্য কোনো ব্যাপারই নয়। বার্সেলোনায় চার বছরে ১৪ শিরোপাজয়ী গার্দিওলার জার্মানিতেও খুব খারাপ সময় কাটেনি। তিনটি লিগের সঙ্গে জিতেছেন দুটি জার্মান কাপ। কন্তের অবশ্য এবারই প্রথম ইতালির বাইরে আসা। সাফল্য তাঁরও অনেক। ২০১১ সালে জুভেন্টাসের দায়িত্ব নেওয়ার পর তিন বছরে জিতেছেন তিনটি সিরি ‘আ’। ২০১১-১২ মৌসুমজুড়েই অজেয় ছিল জুভরা। ইতালি জাতীয় দলের হয়ে নিজেকে চিনিয়েছেন সদ্য সমাপ্ত ইউরোতেও। অনেকের মতে কম প্রতিভাবান ইতালি দলটিকে শুধু কৌশল আর প্রত্যয়ে ভর করে কন্তে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। একই প্রত্যয়, একই আবেগ হয়তো দেখা যাবে স্টামফোর্ড ব্রিজেও।

তবে মরিনহোর জন্য ব্যাপারটা বাসাবদলের মতো। এক অর্থে ইংল্যান্ডের ‘ঘরের ছেলে’ই হয়ে গেছেন তিনি। শুধু লন্ডন থেকে ঠিকানা বদলে এবার তিনি ম্যানচেস্টারে। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তোর মতো ক্লাবে কোচিং করালেও চেলসির জন্যই তাঁর সবচেয়ে বেশি ভালোবাসা। চেলসির সঙ্গে বিচ্ছেদের পর এই সময়ের অন্যতম সফল কোচ (১৬ বছরে ২২ ট্রফি) নতুন করে স্বপ্ন বুনছেন ইউনাইটেডের ‘থিয়েটার অব ড্রিমসে’। স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর যে ‘নাট্যমঞ্চ’ মোটেই বিনোদনদায়ী ছিল না। ডেভিড ময়েসের অন্ধকার সময়ের পর লুই ফন গালের ঘুমপাড়ানি যুগও শেষ, মঞ্চের আলো এখন মরিনহোর ওপর।

তবে সাফল্য তো অতীত গৌরবের বয়ান। ভবিষ্যৎ প্রশ্নে সমর্থকদের ভরসা তিন কোচের মস্তিষ্ক। কৌশলের সেই লড়াইয়ে কন্তে-গার্দিওলা-মরিনহোর জুড়ি মেলা ভার। দলকে তাঁরা উদ্দীপ্তও করতে পারেন আশ্চর্য ক্ষমতায়। গার্দিওলার কৌশলের সবচেয়ে বড় বিজ্ঞাপন মানা হয় ওয়েম্বলির ওই টিকি-টাকার প্রদর্শনী। যদিও টিকি-টাকা শব্দটিতেই আপত্তি স্প্যানিশ কোচের। তবে কৌশল যা-ই হোক, তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো খেলোয়াড় কিনতে টাকার অভাব হবে না ৪৫ বছর বয়সী গার্দিওলার। অর্থাভাবে ভুগবেন না এরই মধ্যে ইব্রাহিমোভিচ-মেখিতারিয়ানদের দলে আনা মরিনহো কিংবা রোমান আব্রাহিমোভিচের আশীর্বাদপুষ্ট কন্তেও। এখন শুধু ডাগ-আউটে নেমে দেখিয়ে দেওয়ার পালা।

অবশ্য গত মৌসুমে লিভারপুলে আসা ক্লপও মাঠের ফুটবলে যে বদল এনেছেন, তাতে ‘অলরেড’দের নিয়ে প্রথম পূর্ণ মৌসুমে কী করেন সেটিও দেখার বিষয়। আর্সেনালের প্রতিশব্দ হয়ে যাওয়া ওয়েঙ্গারও একই প্রত্যয় নিয়ে লড়বেন। গতবার লিগ শেষ করেছেন দুইয়ে, ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণার আগে এক ধাপ ওপরে উঠতেই চাইবেন।

সময়ের পাঁচ সেরা কোচই নামবেন এক শিরোপার দৌড়ে। পপকর্ন নিয়ে বসার প্রস্তুতি নিন, এবার ডাগ-আউটেও ‘স্টার ওয়ার্স’ দেখবে ইংলিশ লিগ। এএফপি, ডেইলি মেইল।

গার্দিওলা

নাম: জোসেপ ‘পেপ’ গার্দিওলা সালা

বয়স: ৪৫ বছর

সিনিয়র দলে কোচিং শুরু: ২০০৮

কোচিং ক্যারিয়ার: বার্সেলোনা (২০০৮-১২), বায়ার্ন মিউনিখ (২০১৩-১৬), ম্যানচেস্টার সিটি (২০১৬- )

শিরোপা: ২১

মরিনহো

নাম: হোসে মারিও দস সান্তোস মরিনহো ফেলিক্স

বয়স: ৫৩ বছর

সিনিয়র দলে কোচিং শুরু: ২০০০

কোচিং ক্যারিয়ার: বেনফিকা (২০০০), ইউনিয়াও দে লেইরিয়া (২০০১-০২), পোর্তো (২০০২-০৪), চেলসি (২০০৪-০৭), ইন্টার (২০০৮-১০), রিয়াল (২০১০-১৩), চেলসি (২০১৩-১৫), ইউনাইটেড (২০১৬-)

শিরোপা: ২২

কন্তে

নাম: আন্তোনিও কন্তে

বয়স: ৪৬ বছর

সিনিয়র দলে কোচিং শুরু: ২০০৬

কোচিং ক্যারিয়ার: আরেজ্জো (২০০৬, ২০০৭), বারি (২০০৭-০৯), আটালান্টা (২০০৯-১০), সিয়েনা (২০১০-১১), জুভেন্টাস (২০১১-১৪), ইতালি (২০১৪-১৬),

চেলসি (২০১৬–)

শিরোপা: ৬