ডাগ আউটের 'রাজা' জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেষ্ঠত্বের হাতবদল। রানিয়েরির হাত থেকে পুরস্কার নিচ্ছেন জিদান। ছবি রয়টার্স।
শ্রেষ্ঠত্বের হাতবদল। রানিয়েরির হাত থেকে পুরস্কার নিচ্ছেন জিদান। ছবি রয়টার্স।

‘সর্বকালের সেরা ফুটবলার কে?’ এ নিয়ে সারা বিশ্বে বিতর্ক হয়। পেলে-ম্যারাডোনা কিংবা মেসি-রোনালদো দ্বৈরথের মাঝে অনেক ফুটবলভক্তই কিন্তু জিনেদিন জিদানের নামটা উচ্চারণ করেন। অনেকেই সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় ওপরের দিকেই রাখেন এই ফরাসি ফুটবল-কিংবদন্তিকে। বর্ণাঢ্য তাঁর ক্যারিয়ার। ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেবার তিনি অধিনায়ক না থাকলেও দেশের বিশ্বকাপ-গৌরবে মূল ভূমিকাটা ছিল তাঁরই। ২০০৬ সালে অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ‘ঢুস-কাণ্ডে’ সেই লক্ষ্য পূরণ হয়নি। খেলা ছেড়ে কোচ হয়েও জিদান মুগ্ধ করছেন ফুটবল দুনিয়াকে। রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দারুণ এক অর্জন জিদানের। ২০১৬-১৭ মৌসুমে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি।

লন্ডনের গালা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন সর্বশেষ বিজয়ী ক্লদিও রানিয়েরি, গতবার যাঁর পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন জিদান। ট্রফি হাতে মজা করেই শুরু করেছেন, ‘এটা (মঞ্চ) আমার পছন্দের জায়গা নয়। আমি মাঠে থাকতেই পছন্দ করি, কারণ সেখানেই প্রেরণা আর আবেগ খুঁজে পাই।’

খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এটা খুবই কঠিন কাজ। আমার চেয়ে ওদের জন্যই বেশি কঠিন। ১৮ মাস হলো এখানে (রিয়াল মাদ্রিদ) এসেছি। জানি না কয় দিন থাকব। তবে কাজটা আমি উপভোগ করছি।’

গত মৌসুমের সেরা কোচ হতে জিদান পেছনে ফেলেছেন চেলসির কোচ আন্তোনিও কন্তে ও জুভেন্টাস ম্যানেজার ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে।

খেলোয়াড়ি বিশ্বকাপ তো জিতেছেনই; পেয়েছেন ব্যালন ডি অর। ২০০০ সালে জেতেন ইউরো। আর অবসর ভেঙে ফিরে এসে ২০০৬-এর ভাঙাচোরা ফ্রান্সকে তুলেছিলেন ফাইনালে, জিতেছিলেন গোল্ডেন বল। বার্লিনের ফাইনালে ইতালির মার্কো মাতারাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখার পর বিশ্বকাপ ট্রফিকে পাশ কাটিয়ে জিদানের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া ফুটবল-রোমান্টিকদের এখনো আবেগপ্রবণ করে তোলে।

কোচ হিসেবে জিদান তো আরও দুর্দান্ত। মাত্র সাত মাসেই জিতে নিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ। কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে শীর্ষ পর্যায়ে কোচিংয়ের শুরু। প্রথম মৌসুমেই রিয়ালকে অনেক প্রতীক্ষার ‘দশম’ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন এই দুজন। রাফা বেনিতেজের চাকরি যাওয়ার পর মাস ছয়েকের ‘হেড কোচ’ হিসেবে রিয়ালকে জিতিয়েছেন একাদশ চ্যাম্পিয়নস লিগ। গেল মৌসুমে তো ‘ডাবল’ই জিতিয়েছেন রিয়ালকে। ২৭ বছর পর ইউরোপের শীর্ষ পর্যায়ে পরপর দুই মৌসুমে ইউরোপসেরা হয়ে ভাগ বসালেন কিংবদন্তি আরিগো সাচ্চির রেকর্ডে।

এবারও ইউরোপসেরা হলে ইতিহাসে প্রথমবার হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতবেন ‘জিজু’। যেভাবে এগোচ্ছেন, জিদানের জন্য এই কীর্তি অসম্ভব নয় মোটেই। তা এ ব্যাপারে জিজু কী ভাবছেন? ‘তৃতীয় চ্যাম্পিয়নস লিগ? হ্যাঁ, এটা সম্ভব। আমরা চেষ্টা করব। আপনারা তো জানেনই, জয়টাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’ তথ্যসূত্র: এএফপি।