ডাগআউটে চারজনের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের বন্ধুতার শুরু নব্বই দশকে, দানা বেঁধেছিল ন্যু ক্যাম্পে। বার্সেলোনায় চারজনের সময়টা কেটেছিল উচ্ছল, সাফল্য তাঁদের হাতে ধরা দিয়েছিল অকৃপণ। এরপর একেকজনের পথ বেঁকে গেছে একেক দিকে। চ্যাম্পিয়নস লিগ যেন চার বন্ধুকে আবার বাঁধল একই গ্রন্থিতে, কাল কোয়ার্টার ফাইনাল বার্সেলোনার সাবেক চার ফুটবলারের জন্য ছোটখাটো একটা পুনর্মিলনীই।
পেপ গার্দিওলা, লুইস এনরিকে, লঁরা ব্লাঁ আর জুলেন লোপেতেগুই। প্রথম তিনজনের নামটা চেনা, শেষজনেরটা হয়তো আগে শোনেননি। আজ থেকে ১৯ বছর আগেও তাঁরা কী ভাবতে পেরেছিলেন, একদিন নিয়তি প্রতিপক্ষ হিসেবে তাঁদের দাঁড় করিয়ে দেবে ডাগআউটে? তাও একই দিনে! কাল যখন প্যারিসে পিএসজির ব্লাঁকে ছক কষতে হচ্ছে এনরিকের বার্সেলোনাকে থামানোর, পোর্তোর কোচ লোপেতেগুইকে পরিকল্পনা করতে হচ্ছে পেপ গার্দিওলার পরাক্রমশালী বায়ার্নকে আটকানোর।
অথচ ১৯৯৬ সালের ২৮ আগস্ট তারিখটাকে তাঁরা কেউই হয়তো ভুলবেন না। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ওই দিন বার্সেলোনা জিতেছিল স্প্যানিশ সুপার কাপ। এই চার কোচই সেই ম্যাচে বার্সেলোনার জার্সি পরে খেলেছিলেন। লোপেতেগুই আগলে ছিলেন গোলপোস্ট, ব্লাঁ ছিলেন রক্ষণে। এনরিকে আর গার্দিওলার কাজ ছিল মধ্যমাঠ দখলে রাখা।
মজার ব্যাপার, ওই ম্যাচে বার্সার ১১ জনের মধ্যে নয়জনই জড়িয়ে পড়েছেন কোচিংয়ে। এই দলে সবচেয়ে বিখ্যাতজন রিস্টো স্টইচকভ কোচিং করিয়েছেন বুলগেরিয়াকে। আবেলার্দো ফার্নান্দেজ স্পোর্টিং গিজনের দায়িত্বে। সার্জি বারহুয়ান আলমেরিয়ার কোচ, আন্তোনিও পিজ্জি মেক্সিকোর লিওনের, চাপি ফেরের কর্দোবার। ও হ্যাঁ, চেলসি কোচ হোসে মরিনহোও ছিলেন বার্সেলোনার সেই দলটির সহকারী কোচ!
বলতে পারেন, এতজনের কোচিংয়ে আসা কি শুধুই কাকতালীয়? সুপার কাপের ম্যাচে বার্সেলোনার কোচ ছিলেন স্যার ববি রবসন। তবে এই দলটাকে গড়ে তুলেছিলেন আসলে ইয়োহান ক্রুইফ। ডাচ এই কিংবদন্তি আট বছর ছিলেন বার্সেলোনার দায়িত্বে। যে দর্শনটা ছড়িয়ে দিয়েছিলেন খেলোয়াড়দের মধ্যে, সেটাই এখন কোচ হিসেবে ছড়িয়ে দিচ্ছেন গার্দিওলারা। ওই দলের একজন স্টইচকভ অতীতে ফিরে গেলেন, ‘তিনি (ক্রুইফ) কখনো বলতেন না আমার মতো খেলো। কখনোই না। যখনই তিনি কোনো সমস্যায় পড়তেন, আরও বেশি আক্রমণাত্মক হতেন।’
ওই বার্সা দলের যে দুজন কোচিংয়ে জড়াননি, গিলের্মো আমর তাঁদের একজন। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার বলছেন, ওই দলের সবার আলাদা ব্যক্তিত্ব ছিল। এনরিকে যেমন ছিলেন পদ্ধতিগতভাবে নিখুঁত, গার্দিওলা সব সময় নতুন কিছু খুঁজে বের করার ব্যাপারে উৎসাহী। ব্লাঁ ছিলেন খুবই বুদ্ধিমান ও নিপাট ভদ্রলোক। আর লোপেতেগুই ছিলেন খুবই পরিশ্রমী।
বার্সেলোনার ‘লা মাসিয়া’ অনেক খেলোয়াড় তৈরি করে। এখন তো দেখা যাচ্ছে কোচদেরও ‘জল পড়ে পাতা নড়ে’ বার্সায়! গার্ডিয়ান অবলম্বনে।