ডাচদের দুঃস্বপ্নের রাত

মাত্র তো তিন বছর আগের কথা! ব্রাজিলের স্বপ্নের মতো একটা বিশ্বকাপ কেটেছিল হল্যান্ডের। স্বাগতিকদের হারিয়ে ডাচরা দেশে ফিরেছিল ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হয়ে। কিন্তু সেই হল্যান্ডকেই এরপর থেকে যেন দুঃস্বপ্ন তাড়া করে ফিরছে। পরশু বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়াটাও সেই দুঃস্বপ্নেরই অংশ। অন্তত ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন তা-ই মনে করেন।
বুলগেরিয়ার কাছে এই হারে ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়া ভীষণ কঠিন হয়ে গেছে রোবেনদের জন্য। ৫ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের চতুর্থ স্থানে আছে ডাচরা। শীর্ষে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৩। বাকি থাকা পাঁচ ম্যাচে এই ব্যবধান ঘোচাতে পারবে হল্যান্ড? ইউরোপ থেকে নয় গ্রুপের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সেরা আট রানার্সআপের মধ্যে হবে দুই লেগের প্লে-অফ। সেই প্লে-অফ জেতা চারটি দলও টিকিট পাবে রাশিয়ার।
ব্রাজিল বিশ্বকাপের পর থেকেই ধুঁকছে হল্যান্ড। ২০১৬ ইউরোর বাছাইপর্ব উতরাতে পারেনি তারা। এবার কি পারবে? রোবেন নিজেও যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, ‘কী আর বলব! আমরা এখানে ভালো কিছু করার আশা নিয়ে এসেছিলাম। কিন্তু ম্যাচটি আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে এল।’ খুব একটা আশাবাদী হতে পারছেন না কোচ ড্যানি ব্লিন্ডও। উল্টো নিজের ভবিষ্যৎ নিয়েই চিন্তায় পড়ে গেছেন ডাচ এই কোচ, ‘দায় আমার। এটা নিয়ে আমাকে এখন ভাবতেই হচ্ছে। যারা আমাকে নিয়োগ দিয়েছে, তারাও নিশ্চয়ই ভাবতে শুরু করেছে।’
ওদিকে দিদিয়ের দেশমের ফ্রান্সকে পরশু দারুণ একটা রাত উপহার দিয়েছেন অলিভিয়ের জিরু। আর্সেনালের হয়ে জিরু চলতি মৌসুমে খুব কম ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন। তবে তাঁর জোড়া গোলেই পরশু লুক্সেমবার্গের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে ফ্রান্স। ঠিক যেন থিয়েরি অঁরির উল্টো ভাগ্য নিয়ে জন্মেছেন জিরু। আর্সেনালের হয়ে সব সময়ই অসাধারণ খেলতেন অঁরি। কিন্তু ফ্রান্সের জার্সিতে থাকতেন নিজের ছায়া হয়ে। আর জিরু যেন ফ্রান্সের জার্সি গায়ে পরলেই জ্বলে উঠতে ভালোবাসেন। কোচ দেশমও তাই উচ্ছ্বসিত তাঁর ফরোয়ার্ডকে নিয়ে, ‘ক্লাবে সমস্যার মধ্যে থাকলেও অলিভিয়ের আমাদের হয়ে গোল করে।’
নিজেদের মাঠে হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। জোড়া গোল পেয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরও উপলক্ষটা ঠিক যেন উপভোগ করতে পারছেন না কোচ ফার্নান্দো সান্তোস। ২০১৮ বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনো যে সুইজারল্যান্ডের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে তাঁর দল। পাঁচ ম্যাচ শেষে শীর্ষে থাকা সুইসদের পয়েন্ট ১৫। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। সামনে যে এখনো কঠিন সময় পড়ে আছে, সেটিই শিষ্যদের মনে করিয়ে দিলেন সান্তোস, ‘আমাদের ছয়টি ফাইনাল ছিল। গ্রুপে প্রথম হয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য এখন পাঁচটি ফাইনাল বাকি আছে।’ এএফপি, রয়টার্স, গোল।
এক নজরে
সুইডেন ৪: ০ বেলারুশ
বুলগেরিয়া ২: ০ হল্যান্ড
লুক্সেমবার্গ ১: ৩ ফ্রান্স
সুইজারল্যান্ড ১: ০ লাটভিয়া
পর্তুগাল ৩: ০ হাঙ্গেরি
বসনিয়া-হার্জেগোভিনা ৫: ০ জিব্রাল্টার
বেলজিয়াম ১: ১ গ্রিস
ইংল্যান্ড ২: ০ লিথুয়ানিয়া
আজারবাইজান ১: ৪ জার্মানি
* স্বাগতিক দল আগে