ডানা মেলেছে বসুন্ধরার স্বপ্ন

মাজিয়া স্পোর্টসের বিপক্ষে গোলের পর বসুন্ধরার রবসনের উদযাপন।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাইরে জয় যেকোনো দলের জন্যই বড় প্রাপ্তি। বসুন্ধরার কিংসের জন্য তো আরও বেশি। এএফসি কাপে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যেতে প্রথম ম্যাচে জয়টা যে খুব জরুরি ছিল তাদের জন্য!

মালদ্বীপের মাঠে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পরশু সেই জয় মুঠোয় পুরেছে বসুন্ধরা। মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে ২-০ গোলে পাওয়া জয়ে এএফসি কাপে ডানা মেলেছে বসুন্ধরার স্বপ্ন।

চার দলের গ্রুপসেরার লড়াইয়ে শুরুটা হলো প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই। বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা দেশের চ্যাম্পিয়ন ক্লাবের বিপক্ষে জিতে বসুন্ধরার আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

আগামীকাল একই মাঠে প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। পরশুই ভারতের আরেক দল মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে যাওয়া বেঙ্গালুরুর জন্য এটি বাঁচা-মরার ম্যাচ।

প্রথম ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট এগিয়ে রাখছে বসুন্ধরা ও মোহনবাগানকে। বিশ্লেষকেরা মোহনবাগানকে সম্ভাব্য গ্রুপসেরা ধরছেন, বসুন্ধরা দুইয়ে, তিনে বেঙ্গালুরু ও চারে মাজিয়া। কিন্তু বেঙ্গালুরুর যে আছেন সুনীল ছেত্রী! মোহনবাগানের বিপক্ষে গোলহীন ছেত্রী ক্ষুধার্ত থাকবেন। তবে তাকে আটকাতে তৈরি বসুন্ধরাও।

প্রতিপক্ষের ত্রাস হয়ে ছিলেন রবসন দ্য সিলভা
ছবি: এএফসি

মাজিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বসুন্ধরা খেলেছে কৌশলী ফুটবল। ফরোয়ার্ড রবসন দ্য সিলভা ছিলেন প্রতিপক্ষের ত্রাস। বক্সের ভেতর থেকে দলের দ্বিতীয় গোলটি যেভাবে করেছেন এই ব্রাজিলিয়ান, সেটি রীতিমতো মুগ্ধ হওয়ার মতো। চোট কাটিয়ে মাঠে নামা আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরাও আতঙ্ক ছড়িয়েছেন।

তাঁর সঙ্গে বল দখলের লড়াইয়েই লম্বা ব্যাক পাস করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান মাজিয়ার অধিনায়ক মোহাম্মদ ইরফান। ১-০-তে এগিয়ে যাওয়া বসুন্ধরার সামনে তখনই খুলে যায় জয়ের রাস্তা।

মিডফিল্ডার মাসুক মিয়া ও ডিফেন্ডার তারিক কাজী জয়ের উচ্ছ্বাসের মধ্যেই বলছিলেন, বেঙ্গালুরুর বিপক্ষেও জয় পেতে তাঁরা প্রস্তুত। তবে তপু বর্মণ একটু সতর্ক। কাল মালে থেকে ফোনে বসুন্ধরার অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ যে-ই হোক, আন্তর্জাতিক ম্যাচ জেতা সহজ নয়।’

তবে তাঁর আশা, ‘মাজিয়ার সঙ্গে আমাদের টিমওয়ার্ক ভালো হয়েছে। সেটা ধরে রাখতে পারলে আশা করি বেঙ্গালুরুকেও হারাব।’

গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রীর দুই গোলের প্রথমটি তপুর পাস দিয়েই হয়েছিল। ক্লাবের জার্সিতে সেই ছেত্রীকে রুখতে তৈরি তপু বলছিলেন, ‌‘ছেত্রী এই টুর্নামেন্টে প্রথাগত নাম্বার নাইন হিসেবে খেলছেন না। আমরা অবশ্যই তাঁকে আটকাব।’

মালদ্বীপের ক্লাবটিকে কৌশলী ফুটবল খেলেছে বসুন্ধরা
ছবি: এএফসি

প্রথম ম্যাচে বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোনের প্রতি আক্রমণের ছক যেমন আটকে দিয়েছে মাজিয়াকে। ম্যাচ শেষে এএফসির ওয়েবসাইটকে ব্রুজোন বলেছেন, ‘মাজিয়াকে আমরা ফাঁকা জায়গা তৈরি করার সুযোগ দিয়েছিলাম। যাতে তাদের অনেকে আক্রমণে উঠে আসে। এই সুযোগে আমরা প্রতি-আক্রমণে বিপজ্জনক হয়ে উঠি।’

২৩ আগস্ট মোহনবাগানের সঙ্গে ম্যাচ নিয়ে স্প্যানিশ কোচের কথা, ‘মোহনবাগান এবং আমরা দ্বিতীয় ম্যাচে হারলেও টিকে থাকব। তবে আমি চাই বেঙ্গালুরুকে হারিয়ে এক ধাপ এগিয়ে যেতে।’