ডাবল সেঞ্চুরিতে ৭৮ বছর পুরো রেকর্ড ভাঙলেন সার্জিও আগুয়েরো

>ম্যানচেস্টার সিটির সার্জিতে আগুয়েরোর গোল এখন ২০১টি। এই গোলে আগুয়েরো ভাঙলেন ৭৮ বছরের পুরোনো একটি রেকর্ড। সিটির এর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এরিক ব্রুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ঘটনা এটি
গ্যাব্রিয়েল জেসুস আসার পর রাজত্ব সংশয়ে পড়ে গিয়েছিল সার্জিও আগুয়েরোর। তবে ম্যানচেস্টার সিটির একাদশে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ব্যক্তিগত লড়াইয়ের জন্য এই মৌসুমেও প্রস্তুত থাকার আগাম ঘোষণা দিয়ে রাখলেন আগুয়েরো। কাল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের মৌসুম উদ্বোধক টুর্নামেন্ট কমিউনিটি শিল্ডের ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুটি গোলই করেছেন আগুয়েরো। আর তাতে ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এই আর্জেন্টাইন।
সিটির সার্জিতে আগুয়েরোর গোল এখন ২০১টি। এই গোলে আগুয়েরো ভাঙলেন ৭৮ বছর পুরোনো একটি রেকর্ড। সিটির এর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এরিক ব্রুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ঘটনা এটি। ইংল্যান্ডের একটি বড় ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেক বড় অর্জন। সেই অর্জন এল এমন এক দিনে, যখন তাঁর দল জিতল গৌরবের কমিউনিটি শিল্ড। আগুয়েরো কাল হ্যাটট্রিক করেই ঐতিহাসিক মুহূর্তটা উদ্যাপন করতে পারতেন। ৪৯ মিনিটে গোলরক্ষক আর্জেন্টিনা সতীর্থ উইলি কাবায়েরোকে একা পেয়ে ড্রিবলে পরাস্ত করে খালি গোলমুখে বল না পাঠিয়ে সাইড নেটিং করেছেন।
অবশ্য ম্যাচে একক আধিপত্য ধরে রাখা সিটির জন্য আগুয়েরোর ১৩ ও ৫৮ মিনিটের গোল দুটিই যথেষ্ট ছিল। সিটি তাদের পঞ্চম শিল্ড শিরোপা জিতল। ২০১২ সালের পর প্রথম।
আগুয়েরোর ২০১ গোলের ১৪৩টি এসেছে প্রিমিয়ার লিগে। এফএ কাপে ১৬ গোল। লিগ কাপে ৭টি। চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ পর্যায়ে গোল ৩৩টি। অন্যান্য প্রতিযোগিতায় করেছেন ২ গোল।
১৪৭টি গোল করেছেন ডান পায়ে। ৩৫টি গোল বাঁ পায়ে। ১৯ গোল করেছেন হেড করে। বক্সের ভেতরে আগুয়েরো কতটা ভয়ংকর তা বোঝা যাবে এই পরিসংখ্যানে। ১৮১ গোল করেছেন বক্সের ভেতর থেকে, ১৯টি বাইরে থেকে। ৫১টি গোল করিয়েছেনও। ২৯৩ ম্যাচে ২৫২ গোলে সরাসরি ভূমিকা রেখেছেন, করে অথবা করিয়ে। মন্দ নয়, কী বলেন!
ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা
নাম | সাল | লিগে | মোট |
সার্জিও আগুয়েরো | ২০১১– | ১৪৩ | ২০১ |
এরিক ব্রুক | ১৯২৭–১৯৪০ | ১৫৮ | ১৭৭ |
টমি জনসন | ১৯২০–১৯৩০ | ১৫৮ | ১৬৬ |
কলিন বেল | ১৯৬৬–১৯৭৯ | ১১৭ | ১৫৩ |
জো হেয়স | ১৯৫৩–১৯৬৫ | ১৪২ | ১৫২ |
বিলি মেরেডিথ | ১৮৯৪–১৯০৬ ১৯২১–১৯২৪ | ১৪৬ | ১৫২ |