ডার্বো জাদুতে হারিয়ে গেলেন সনি নর্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যান্ডিং ডার্বো। ফাইল ছবি
ল্যান্ডিং ডার্বো। ফাইল ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেমিতে ওঠার সমীকরণ, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ম্যাচটার গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল, সনি নর্দে এই প্রথম শেখ জামালের মুখোমুখি হচ্ছেন বলে। কিন্তু মোহনবাগানের হয়ে নর্দের জাদু দেখানো আর হলো না। আজ ভুটানের থিম্পুতে ভারতীয় ক্লাবটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে কিংস কাপের সেমিফাইনালে পৌঁছাল শেখ জামাল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। গত ফেব্রুয়ারিতে আইএফএ শিল্ডেও মোহনবাগানকে হারিয়েছিল শেখ জামাল।
সেবার শেখ জামালকে জিতিয়েছিলেন নর্দে। ওই ম্যাচের পরই হাইতিয়ান ফরোয়ার্ডের ওপর নজর পড়ে ভারতীয় ক্লাবটির। অনেক জলঘোলা করে শেখ জামাল ছেড়ে মোহনবাগানে যোগ দেন। তবে আজ তাঁর শূন্যতা টের পেল না বাংলাদেশের ঘরোয়া লীগের চ্যাম্পিয়নরা। সেই শূন্যতা আসলে বুঝতে দিলেন না ল্যান্ডিং ডার্বো। জোড়া গোল করেছেন গাম্বিয়ার এই স্ট্রাইকার। অন্যদিকে গোলই পাননি নর্দে।
প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। ম্যাচ পাঁচ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন ডারলিংটন। ১৬ মিনিটে ডারবো করেন তাঁর প্রথম গোল। ৩১ মিনিটে ৩–০ বানিয়ে ফেলেন ওয়েডসন। দ্বিতীয়ার্ধের নয় মিনিটের মাথায় এমেকাও গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় শেখ জামাল। মনে হচ্ছিল, মোহনবাগান আর নর্দে বুঝি বড় লজ্জাতেই পড়তে যাচ্ছে।
৫৪ ও ৫৬ মিনিটে পর পর দুটো গোল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতীয় ক্লাবটি। পরে যোগ করা সময়ে (৯৩ মিনিট) পায় আরেকটি গোল। কিন্তু তাতে হার এড়াতে তাঁরা পারেননি। উল্টো মাঝখানে ৬৩ মিনিটে ডারবো তাঁর দ্বিতীয় গোলটি করেন। ক্লাব সভাপতির ১০ হাজার ডলারের বোনাস ঘোষণাতে উজ্জীবিত ছিল শেখ জামালই। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মানাং মার্সিয়াংদির মুখোমুখি হবে তারা। এই পরাজয়েও অবশ্য সেমিতে উঠেছে মোহনবাগান।
তবে শুধু দলীয় পরাজয়ে নয়, ব্যক্তিগত হিসাব-নিকাশের খাতাতে ডার্বোর কাছে বিপুল ব্যবধানেই হারতে হলো নর্দেকেও।