ডায়রিয়ায় আক্রান্ত চার ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের আবাসিক ক্যাম্পে থাকা চার ফুটবলার সাখাওয়াত রনি, শাহেদুল আলম জুনিয়র, ফয়সাল মাহমুদ ও আমিনুর রহমান সজীব। পরশু রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় কাল কোচ ফাবিও লোপেজের অনুশীলনে ছিলেন না এই চারজন।
ফুটবলারদের ডায়রিয়ার খবর শুনে একটু অবাকই হয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আমরা ফুটবলারদের উন্নত মানের খাবারই দিচ্ছি। প্রতিদিন তাদের খাবারের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ আছে। ওদের যে খাবার পানি দেওয়া হয় সেটা নিজেরাও অফিসে ব্যবহার করি। জানি না ওরা বাইরের কোনো খাবার খেয়েছে কি না। তবে টিম ম্যানেজারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছি।’ দলের চিকিৎসক সজীব শামস বললেন, ‘ওদের অবস্থা তেমন গুরুতর কিছু নয়। ডায়রিয়ার জন্য শাহেদ ও সজীবের জ্বর এসেছে। তবে সবাইকেই ওষুধ দেওয়া হয়েছে।’