ডি ক্রুইফ আরও এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শোয়েচলারকে নিয়ে কাল দুপুরে আগেভাগেই এলেন প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। একটু পর ফুটবল ফেডারেশন ভবনে এলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য তাবিথ আউয়ালকে নিয়ে এরপর চলল ঘণ্টা দুয়েকের বৈঠক। গত মঙ্গলবার বাফুফের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ডি ক্রুইফের। চুক্তিটি যে নবায়ন হতে পারে, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। সভা শেষে কাজী সালাউদ্দিন হাসি মুখেই জানালেন, ‘আরও এক বছর বাংলাদেশের ফুটবলের দায়িত্বে থাকছেন দুই কোচ।’
বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ৬ ম্যাচ, আগস্টে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই টুর্নামেন্ট, নভেম্বরে মালদ্বীপে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, ডিসেম্বরে সাফ এবং জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ—সব মিলিয়ে সামনে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি বাংলাদেশের। এসব বিবেচনা করেই এই সিদ্ধান্ত কাজী সালাউদ্দিনের। আগামীকাল হল্যান্ড যাবেন ডি ক্রুইফ। ১ আগস্ট ঢাকায় ফিরে আবারও দলের দায়িত্ব নেবেন ডাচ কোচ। তবে গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার বাংলাদেশেই থাকছেন।
কোচদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই চুক্তি নবায়নের সিদ্ধান্ত সালাউদ্দিনের, ‘বাংলাদেশের ফুটবলের ধরনটাই এখন বদলে গেছে। আমরা চমৎকার পাসিং ফুটবল খেলছি। সমস্যা হলো, শুধু শেষ সময়ে গোল আটকে রাখতে পারছি না। ছেলেদের পরিপক্বতার অভাব রয়েছে। আশা করি এই সমস্যাও দূর হয়ে যাবে। সর্বশেষ ম্যাচের প্রথমার্ধে যা খেলেছে বাংলাদেশ, এটাকে আমি ফুটবলের ব্র্যান্ডিং বলব। এখান থেকে বাংলাদেশের উন্নতি হবেই। আর এ জন্যই তাঁদের রাখছি।’
দলের শেষ সময়ের গোল খাওয়া নিয়ে উদ্বিগ্ন কোচ ডি ক্রুইফও, ‘আমরা যে ভালো ফুটবল খেলছি তা শেষ ম্যাচে দেখিয়েছে ছেলেরা। শুধু শেষ সময়ে গোল খাওয়ার অসুখটা ওদের সারাতে হবে। আমি এটা নিয়ে আরও কাজ করব।’
আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি ম্যাচ। সেই ম্যাচের আগে ঢাকার হোটেল, আবাসন, ভেন্যু, ড্রেসিংরুম, অনুশীলনের মাঠ, যাতায়াতব্যবস্থার সামগ্রিক চিত্র দেখতে এসেছেন অস্ট্রেলিয়ার ফুটবল ম্যানেজার জো ফ্রেম। সবকিছু দেখে দারুণ খুশি তিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে মালয়েশিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও সালাউদ্দিন এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে প্রস্তুতি ম্যাচের কোনো প্রয়োজন নেই। কারণ শেখ জামাল ক্লাব আগস্টে এএফসি কাপে খেলবে। জাতীয় দলের ৭-৮ জন খেলে এই ক্লাবে। ওরা তো খেলার মধ্যেই থাকবে।’