ডি ক্রুইফ-মামুনুলদের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের বাছাইপর্বে আজ স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আগের দিন দুশানবেতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ ও অধিনায়ক l ছবি: বাফুফে
বিশ্বকাপের বাছাইপর্বে আজ স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আগের দিন দুশানবেতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ ও অধিনায়ক l ছবি: বাফুফে

লোডভিক ডি ক্রুইফ বরাবরই তোতা পাখির মতো বলে যান দুটি বাক্য, ‘আমরা খুবই উজ্জীবিত। ছেলেরা ভালো কিছু করতে মুখিয়ে আছে।’ তেমন কিছু হলে তো ভালোই।’ কিন্তু কোচের এই উজ্জীবনী বাণীর প্রতিফলন অতীতে মাঠের খেলায় সেভাবে দেখা যায়নি। আজ কি দেখা যাবে?
উত্তরটা শুধু খেলোয়াড়েরাই দিতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে শৃঙ্খলাভঙ্গ, দলের প্রতি খেলোয়াড়দের নিবেদনের অভাব...এমন সব খারাপ উপসর্গ বাংলাদেশ দলকে গ্রাস করেছে। তাই আজ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের পক্ষে বাজি ধরার লোক খুব কম। চিরন্তন আশাবাদী ডি ক্রুইফ অবশ্য ছাত্রদের ওপর আস্থা রাখছেন। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু ম্যাচে তাঁর ওই আস্থার মর্যাদা রাখার পালা এখন মামুনুলদের।

.
.

‘মর্যাদা রক্ষার’ মিশনে তাজিকদের সঙ্গে ড্র করতে পারাই ঢের ভালো ফল। বাংলাদেশ দলের কৌশলও তাই আজ রক্ষণাত্মক হবে, প্রতিপক্ষকে নিজেদের অর্ধে জায়গা না দেওয়ার ছক কষে দল সাজাবেন কোচ। তবে তাই বলে পাঁচ ডিফেন্ডার নামিয়ে দেবেন না। বরাবরের মতো চার ডিফেন্ডারই থাকবেন রক্ষণদেয়ালে। মাঝমাঠে পাঁচজনের ওপরে হয়তো থাকবেন একজন স্ট্রাইকার।
এই ছকে ড্র হলে ভালো। ১-০ গোলে হারলেও ঢাকায় ৭ জুন ফিরতি ম্যাচে ২ গোলে জিততে পারলে লক্ষ্যটা পূরণ করা যাবে। সমীকরণটা মিলে গেলে ২০১৯ এশিয়া কাপের বাছাইয়ে টিকিট আসবে বাংলাদেশের হাতে। তাজিকদের সঙ্গে পেরে না উঠলে শেষ সুযোগ হিসেবে থাকবে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ। তবে তাজিকিস্তানকে পেছনে ফেলেই বাংলাদেশ পা রাখতে চায় সামনে।
কিন্তু তাজিকিস্তানের মাটিতে জয় দূরে থাক, ড্র করার রেকর্ডও নেই বাংলাদেশের। ৫-০ গোলের হারের দুটি বাজে স্মৃতি আছে, সর্বশেষটি গত ১২ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে। ছয় মাস আগের দগদগে সেই ক্ষতে প্রলেপ বোলানোর দিন আজ। যেখানে প্রেরণা হতে পারে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। গত মাসেই এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে তাজিকিস্তানকে তাদের মাঠে ৯-১ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তহুরারা। বাংলাদেশের সোনার মেয়েরা উদাহরণ গড়েছেন, তা থেকে আজ উজ্জীবনী মন্ত্র নিতে পারে জাতীয় দলও।
প্রেরণা হতে পারে ডি ক্রুইফের বিশ্বাসও, কাল দুশানবের সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে।’ কিন্তু বাংলাদেশের এ দলটি কিছু করার সামর্থ্য রাখে বলে সাম্প্রতিক রেকর্ড বলছে না। ডি ক্রুইফ অবশ্য চিরন্তন আশার কথা সামনে তুলে আনছেন, ‘ফুটবলে একটা লাল কার্ডই খেলার ফল বদলাতে পারে।’
তবে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ১০ জনের দল নিয়েও বাংলাদেশের সঙ্গে তাজিকিস্তানের ড্র করে যাওয়াটা ক্রুইফের কথার বিপরীত সাক্ষ্যই দিচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫০ মিনিটে এমিলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ, ৬৭ মিনিটে তাজিকিস্তানের আসরভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাংলাদেশের সহজেই ওই ম্যাচ জেতার কথা। অথচ ১০ জন নিয়েও ৮৭ মিনিটে তাজিকিস্তান গোল করে একটা পয়েন্ট কেড়ে নিয়েছে। প্রতিপক্ষের সেই লাল কার্ড আশীর্বাদ হয়নি বাংলাদেশের জন্য।
তবে তাজিকিস্তানে আগেরবার তীব্র ঠান্ডা আর বৃষ্টির রোষানলে পড়ে ৫ গোলে হারা বাংলাদেশ আজ একটু প্রকৃতির আশীর্বাদ পেতে পারে। কারণ দুশানবেতে তাপমাত্রা এখন ৩০ ডিগ্রির আশপাশে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাস তিনেক পর দলে ফেরা অধিনায়ক মামুনুল এটিকে দেখছেন স্বস্তি হিসেবে, ‘আবহাওয়ার বৈরিতায় শিকার এবার হতে হবে না আমাদের। এটা ইতিবাচক।’
স্কোরলাইনে সেটির ছায়া থাকলে তো ভালোই।