ডি ক্রুইফকে নিয়ে পুরোনো নাটক

লোডভিক ডি ক্রুইফ আছেন। লোডভিক ডি ক্রুইফ নেই!
এ যেন এক গোলকধাঁধা। পরশু খবর রটে গেল, ডাচ ফুটবল কোচকে বরখাস্ত করছে বাফুফে। বেতন বাকি থাকায় অস্ট্রেলিয়া গিয়ে দলকে অনুশীলন করাতে না চাওয়াই তাঁর অপরাধ।
ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের নির্দেশে ৫ হাজার ডলার নাকি দেওয়া হয়েছে ডি ক্রুইফকে। একটি সূত্র জানিয়েছে, সেই টাকা পেয়েই বাংলাদেশ দলের কোচ অনুশীলনে গেছেন।
কোচকে বরখাস্ত করার বিষয়টি নিয়ে কাল যোগাযোগ করলে সালাউদ্দিন খোলাখুলি কিছু বলতে রাজি হননি, ‘আমি এখন কিছু বলতে পারব না, দল ফিরুক আগে।’ তবে জানা গেছে, অস্ট্রেলিয়া গিয়ে কোচের ওভাবে বেতনের জন্য বেঁকে বসা তাঁর পছন্দ হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এত দিন বলে আসছিলেন, ‘কোচের কোনো বকেয়া নেই।’ এখন দেখা যাচ্ছ, বকেয়া আছে এবং সেটি বাফুফে সময়মতো দেয়নি।
অস্ট্রেলিয়া গিয়ে দল নিয়ে কোথায় পরিকল্পনা করবেন, উল্টো ডি ক্রুইফকে শুনতে হচ্ছে বরখাস্ত হওয়ার খবর। এসব নিয়ে কাল পার্থে বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরক্তই হয়েছেন তিনি, ‘আমার তো এখন এ নিয়ে কথা বলার সময় নয়। জানি না এসব কথা কেন আসছে।’ বাফুফের সাধারণ সম্পাদক কাল পার্থ থেকে টেলিফোনে দাবি করলেন, সবই ভুল-বোঝাবুঝি! টিভি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গেছে।’
ফিফার নিষেধাজ্ঞায় এমনিতেই আজ ডাগ-আউটে দাঁড়াতে পারবেন না ডি ক্রুইফ, তার ওপর ম্যাচের আগে তাঁর বরখাস্ত হওয়ার গুঞ্জনে বাফুফের অপেশাদারি মনোভাবই দেখছেন অনেকে। এমনিতেই ডি ক্রুইফের সঙ্গে স্থায়ী চুক্তি নেই। খণ্ডকালীন চুক্তিতে শুধু কাজের সময়টায় পারিশ্রমিক পান। সেই খণ্ডকালীন কোচ নিয়েও পুরোনো নাটক শুরু হয়েছে। যে নাটকীয়তার জন্ম দিয়ে কিছুদিন আগেই তাঁকে বরখাস্ত করে আবার ফিরিয়ে আনা হয়েছে।
একটি সূত্রের আভাস, অস্ট্রেলিয়া ম্যাচের পর ৮ সেপ্টেম্বর ঢাকায় জর্ডান ম্যাচে সম্ভবত ডি ক্রুইফ দায়িত্ব পাচ্ছেন না। তবে বাফুফে-ডি ক্রুইফ সম্পর্কটা এমন যে, শেষ কথা বলে কিছু নেই! আজ বলা হচ্ছে বাদ, কালই তাঁকে বরণ করা হচ্ছে ফুলের মালায়।
সমস্যায় আছে অস্ট্রেলিয়াও। বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে। খেলোয়াড়েরা পৃষ্ঠপোষকদের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না। এসব নিয়ে অস্ট্রেলিয়ার কোচও কাল বিরক্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলকে ঠিক এই জায়গাটাতেই একটু মেলানো যায়।