ডি ক্রুইফের জায়গায় ফাবিও লোপেজ
কাকতালীয় ব্যাপার। কিন্তু গত কয়েক দিনের ঘটনাপরম্পরায় মনে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগ দেওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। আর বাজতে চলেছে খণ্ডকালীন কোচের দায়িত্বে থাকা লোডভিক ডি ক্রুইফের বিদায়ঘণ্টা। কাল রাজধানীর একটি হোটেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে আগ্রহ দেখিয়েছেন ফাবিও লোপেজ। এর আগে পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ-জর্ডান ম্যাচটিও দেখেছেন এই ইতালিয়ান কোচ। এমনকি অস্ট্রেলিয়ার পার্থে গিয়ে দেখেছেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটিও। এই দুই ম্যাচের ভুলগুলো পর্যবেক্ষণ করে বাফুফে সভাপতিকে একটি প্রতিবেদনও নাকি দিয়েছেন।
ফুটবলপাড়ায় গুঞ্জন, এই লোপেজই বাংলাদেশের নতুন কোচ হতে যাচ্ছেন। যদিও এ ব্যাপারে কাল বিশদ বলতে চাইলেন না কাজী সালাউদ্দিন। তবে জানা গেছে, আজই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এমনিতেই ডি ক্রুইফের সাম্প্রতিক আচরণে খুব সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে পাওনা টাকার দাবিতে মামুনুলদের অনুশীলন করাতে আপত্তি জানিয়েছিলেন কোচ। এরপর অস্ট্রেলিয়া ও জর্ডানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাঁকে তাই আবারও খণ্ডকালীন দায়িত্ব দিতে দ্বিধান্বিত বাফুফে।
আজ সকালের বিমানে দেশে ফিরে যাবেন কোচ। কাল রাতে ডি ক্রুইফ দেখা করেছেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়ালের সঙ্গে। সেখানেই হয়তো আভাসটা পেয়ে যেতে পারেন তিনি।
বাংলাদেশের কোচ হতে আগ্রহী লোপেজ এর আগে ইতালিয়ান ক্লাব এএস রোমার একাডেমির দায়িত্বে ছিলেন। এ ছাড়া লিথুয়ানিয়ার ক্লাব এফকে বাঙ্গা গারজদাই, মালয়েশিয়ার সুপার লিগের দল সাবাহ এফএ এবং ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগের দল পিএসএমএস মাদানের কোচ ছিলেন।