ডি ক্রুইফের বিষণ্ন-বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ক্রুইফ
ডি ক্রুইফ

‘অবশ্যই এটা কোনো সুখকর সমাপ্তি নয়। আমার মন কাঁদছে। এভাবে বিদায় নিতে আমি চাইনি।’
কাল ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লোডভিক ডি ক্রুইফ আবেগময় হয়ে উঠলেন। হওয়ারই কথা। যে দলের সঙ্গে ১৬ মাস ছিলেন, সেই দল পরশু যখন যশোরে শ্রীলঙ্কার সঙ্গে খেলছে, ডি ক্রুইফ তার তিন দিন আগে দেশে ফিরে যাচ্ছেন। বিষণ্ন মন, বিষণ্ন কণ্ঠ। এ অন্য এক ডি ক্রুইফ!
চার দিন আগে এমনই এক ভোরে ঢাকায় নেমে বিমানবন্দরেই খবরটা শোনেন, বাফুফে তাঁকে বরখাস্ত করতে যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য বরখাস্ত হননি। বাফুফের সঙ্গে সমঝোতার মাধ্যমেই শেষ হয়েছে তাঁর বাংলাদেশ-অধ্যায়। বিদায়বেলায় ডাচ কোচ বললেন, ‘এই বিদায় আমার জন্য দুর্ভাগ্যজনক।’ ফুটবলারদের কথা মনে করে কণ্ঠ ধরে আসে তাঁর, ‘ওরা তো আমার সন্তানের মতো। অনেক মিস করছি ছেলেদের। প্রতিদিন ওরা আমাকে ফোন করত।’
বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের শুভকামনাও জানিয়ে গেলেন। তবে বলতে ভোলেননি, ‘বাংলাদেশে যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম, বলতে পারেন ৬০ ভাগের মতো শেষ করেছি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। জাতীয় দল তৈরি করছিলাম, একই সঙ্গে বয়সভিত্তিক দলও। কিন্তু মাঝপথে এসে ভাবলাম আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো।’
সেই আলাদা হওয়ার প্রেক্ষাপট ডি ক্রুইফকে বেদনাহতই করেছে। তাঁর নিজের চাওয়া ছিল, বেতনটা নিয়মিত পাবেন। কিন্তু সেটি নিয়মিত না পেয়ে বারবারই খবর হয়েছেন বেতনের দাবি তুলে। অন্যদিকে বাফুফে বলেছে, ১৬ মাসের মধ্যে সাড়ে সাত মাসই ছুটি কাটিয়েছেন। যদিও ঢাকায় কাজ দিতে না পেরে বাফুফেই কোনো কোনো সময় তাঁকে দেশে পাঠিয়েছে, টিকিট দিয়েছে। ডি ক্রুইফ নিজেই এবার ঢাকায় এসে বলেছিলেন, ‘আমার কাজের জন্য তো বাফুফে দায়ী। তারাই ঠিক করেছে আমি কখন কী করব।’
বিদায়বেলায় অনেক স্মৃতিই মনের ভিড় করেছে তাঁর। এখানে গড়ে ওঠা অনেকের সঙ্গে বন্ধুত্বও মনে রাখবেন বললেন। আর জানালেন, আপাতত কয়েক দিন ক্যানসারে আক্রান্ত বাবার শয্যাপাশে থাকতে চান। তারপর নতুন চাকরি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি। শুধু এটুকুই বললেন, বাংলাদেশের কোচের দায়িত্বে আর থাকছেন না জেনে অনেকেই তাঁর ব্যাপারে আগ্রহী। আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে প্রস্তাব পাচ্ছেন। এসব নিয়ে বলতে বলতে আবারও টেনে এনেছেন বাংলাদেশকে, ‘আমার প্রথম পছন্দ কিন্তু বাংলাদেশই ছিল।’
কোচের জীবনই এমন। সব সময় নিজের ইচ্ছেমতো চিত্রনাট্য এগোয় না।