ডি গিয়া ইউনাইটেডের বেঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ডি গিয়া
ডেভিড ডি গিয়া

সোনার ডিম পাড়া হাঁসকে কি কেউ ছেড়ে দিতে চায়? গত মৌসুমে বলতে গেলে একাই ম্যানচেস্টার ইউনাইটেডকে শীর্ষ চারে টেনে নিয়ে গেছেন ডেভিড ডি গিয়া। ইউনাইটেড কোচ লুই ফন গাল স্প্যানিশ গোলরক্ষককে রাখতেই চাইবেন। কিন্তু পরশু ইউনাইটেডের প্রথম ম্যাচে ডি গিয়া বসে থাকলেন বেঞ্চে। তাহলে ইউনাইটেড-অধ্যায় তাঁর শেষই হয়ে যাচ্ছে? ফন গাল এখনো সে রকম কিছু স্বীকার করেননি, তবে জানিয়ে দিয়েছেন ডি গিয়াকে পেতে হলে ‘উপযুক্ত’ অর্থ খরচ করতে হবে।
ডি গিয়াকে যে বসিয়ে রাখা হবে, সেটা গত পরশুই জানিয়ে দিয়ে ফন গাল দাবি করেছিলেন, এই গোলরক্ষক খেলার মতো মানসিক অবস্থায় নেই। দলবদল নিয়ে টানাপোড়েন ডি গিয়ার খেলায় প্রভাব পড়তে পারে। তার মানে ডি গিয়া যত শিগগির সম্ভব নিজেই ক্লাব ছাড়তে চাইছেন? সেটা জানা যায়নি, তবে ফন গাল এখনো ইউনাইটেডে ডি গিয়ার জায়গাই দেখেন, ‘সে কি আবার ইউনাইটেডের হয়ে খেলতে পারে? অবশ্যই পারে। তবে গোলরক্ষকের পুরো ৯০ মিনিট অখণ্ড মনোযোগ থাকতে হয়। সেটা করতে না পারলে খেলাটা কঠিন।’
স্প্যানিশ দৈনিক মার্কা একরকম নিশ্চিত যে রিয়াল মাদ্রিদ ডি গিয়াকে আনছে। রিয়াল আড়াই কোটি ইউরোর বেশি খরচ করতে চায় না, যদিও ইউনাইটেডের দাবি ৪ কোটি ইউরো। ফন গালের কথায়ও দর-কষাকষির আভাস মিলছে, ‘সে তিন বছর ধরে আমাদের সেরা খেলোয়াড়। আমরা তো সহজে ওকে চলে যেতে দিতে পারি না। আমাদেরও তো কেনার সময় কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়।’
ডি গিয়ার জায়গায় নেমে সার্জিও রোমেরো পরশু ভালোই করেছেন, দারুণ দুটি সেভ করেছেন। ফন গালের প্রশংসাও কুড়িয়েছেন নতুন গোলরক্ষক। তবে ডি গিয়া ইউনাইটেডের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিয়েছেন রিও ফার্ডিনান্ড, ‘ইউনাইটেড ডি গিয়াকে হারালে তারা শিরোপার আশা ছেড়ে দিতে পারে। ইউনাইটেডের মতো ক্লাব শুধু টাকার জন্য ডি গিয়াকে ছেড়ে দিতে পারে না।’
কিন্তু ডি গিয়া নিজেই চলে যেতে চাইলে তাঁকে আটকে রাখা তো সম্ভব নয়! এএফপি।