ডি গিয়াকে নিয়ে দুই দলের পাল্টাপাল্টি

মৌসুমজুড়ে অনেক নাটক আর বিতর্ক হলো। কিন্তু ডেভিড ডি গিয়ার যাওয়া হলো না রিয়াল মাদ্রিদে, থেকে যেতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে। কারণটা এরই মধ্যে সবাই জেনে গেছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দলবদলের প্রক্রিয়া শেষ করতে পারেনি দুই ক্লাব। তবে সেই দায়টা কোন ক্লাবের, তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। রিয়াল মাদ্রিদ দুষছে ম্যানচেস্টার ইউনাইটেডকে আর ইউনাইটেড সব দায় চাপাচ্ছে রিয়ালের ঘাড়ে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া রিয়ালের বিবৃতি অনুযায়ী, গত সোমবার দলবদলের শেষ দিন সকালে ম্যানচেস্টার ইউনাইটেড ডি গিয়ার দলবদলের ব্যাপারে আলোচনা করতে রাজি হয়। প্রাথমিক আলোচনার পর দুই ক্লাব মতৈক্যে পৌঁছায়। চুক্তির শর্তানুযায়ী ডি গিয়া ৩০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেবেন এবং ১৫ মিলিয়ন ইউরোতে রিয়াল থেকে ইউনাইটেডে যাবেন কেইলর নাভাস।
সোমবার মধ্যরাত (১২টা) ছিল স্প্যানিশ ক্লাবগুলোর দলবদলের শেষ সময়। দলবদলের প্রক্রিয়াটি তাই মধ্যরাতের আগেই সারতে হতো। রিয়ালের দাবি, তারা স্প্যানিশ সময় সোমবার দুপুর ১টা ৩৯ মিনিটে চুক্তিপত্র পাঠায় ইউনাইটেডের কাছে। ইউনাইটেড ফিরতি কাগজপত্র পাঠাতে প্রায় আট ঘণ্টা দেরি করে ফেলে, নতুন আরও কিছু ছোটখাটো শর্ত জুড়ে দিয়ে! রিয়াল তাতেও সম্মতি জানিয়ে দুই খেলোয়াড়ের সই নিয়ে কাগজপত্র পাঠায়। স্প্যানিশ সময় রাত ১১টা ৩২ মিনিটে, শেষ সময়সীমার ২৮ মিনিট আগে। কিন্তু ইউনাইটেড ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেমে (টিএমএস) ডি গিয়ার তথ্য লিপিবদ্ধ করে স্প্যানিশ সময় ঠিক মধ্যরাতে। কেইলর নাভাসের তথ্য তখনো টিএমএসে দেওয়া হয়নি। ইউনাইটেড চুক্তির পুরো প্রক্রিয়া শেষ করে স্প্যানিশ সময় রাত ১২টা ২ মিনিটে। ততক্ষণে রিয়াল আর টিএমএসে ঢুকতে পারছিল না। কারণ স্পেনে দলবদলের সময় শেষ হয়ে গেছে। এর ২৮ মিনিট পর টিএমএস রিয়ালকে ডি গিয়ার তথ্য নিবন্ধনের একটা সুযোগ দেয়, যেহেতু ইংল্যান্ডে দলবদলের সময় তখনো বাকি ছিল। রিয়াল সেটা করলেও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কাছে ডি গিয়ার নিবন্ধন করাতে পারেনি। কারণ লা লিগায় নতুন খেলোয়াড় নিবন্ধনের সময় শেষ হয়ে গিয়েছিল মধ্যরাতেই।
কিন্তু পাল্টা বিবৃতি দিয়ে ইউনাইটেড দাবি করেছে, স্প্যানিশ ক্লাবটিই নাকি সময়মতো সব কাগজপত্র পাঠায়নি। ইউনাইটেডের দাবি, স্পেনে দলবদল শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে রিয়াল চুক্তিতে বড়সড় একটা পরিবর্তন আনে, যা পুরো প্রক্রিয়াটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। শেষ সময়সীমার মাত্র ৫ মিনিট আগে ডি গিয়ার চুক্তি নিয়ে যাবতীয় কাগজপত্র রিয়ালের কাছ থেকে ইউনাইটেডের হাতে আসে, যদিও নাভাসের চুক্তির কোনো কাগজপত্র তখনো ফেরত আসেনি রিয়ালের কাছ থেকে। ইউনাইটেডের আরও দাবি, তারা সময়সীমা শেষ হওয়ার দুই মিনিট আগে তাদের পক্ষ থেকে যাবতীয় প্রক্রিয়া শেষ করে। তারপরও চুক্তিটি হয়নি কারণ, রিয়াল সময়মতো ফিফার টিএমএসে ডি গিয়ার তথ্য লিপিবদ্ধ করতে পারেনি, করেছে ২৮ মিনিট পর। তবে শেষ পর্যন্ত ডি গিয়া থেকে যাওয়ায় সমর্থকেরা যে খুশি, বিবৃতিতে এটাও উল্লেখ করে ইউনাইটেড।
বর্তমান ক্লাবেই ডি গিয়াকে শুভকামনা জানিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও, ‘আমি জানি না ও কী ভাবছে। তবে জীবন তো আর থেমে থাকবে না আর কেউ তো মরেও যায়নি।’
রিয়ালে যাওয়া না হলেও স্পেনের হয়ে ২০১৬ ইউরোর বাছাইপর্বে খেলতে পরশু জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী ডি গিয়া। দলবদলের টানাপোড়েনে ইউনাইটেডের হয়ে এ মৌসুমে কোনো ম্যাচই খেলা হয়নি তাঁর। তবে জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে তাঁকে ক্লাবের হয়ে নিয়মিত খেলে নিজেকে প্রমাণ দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। রয়টার্স।