ম্যানচেস্টার সিটি ১-০ আতলেতিকো মাদ্রিদ
(কেভিন ডি ব্রুইনা)
নিছক সাধারণ কোনো ম্যাচ ছিল না এটা। সব ছাপিয়ে দুজন সম্পূর্ণ ভিন্নধর্মী মতাদর্শের কোচের দর্শনের লড়াইও ছিল বটে। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের আবহ মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য দুর্দান্ত এক রাতের প্রতিশ্রুতিই দিয়েছিল ম্যানচেস্টার সিটি বনাম আতলেতিকো মাদ্রিদের লড়াই। দর্শকদের হতাশ করেনি ম্যাচটা।
হ্যাঁ, ম্যাচে ভুরি ভুরি গোল হয়নি। তবে, দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের দাঁতে দাঁত চেপে রক্ষণ করে যাওয়ার স্বভাব সম্পর্কে যারা জানেন, তাঁরা এই ম্যাচে গোলের প্রত্যাশাই বা করেন কী করে? ম্যাচে গার্দিওলা সিটি একটার পর একটা আক্রমণ করে যাবে, সে আক্রমণ আতলেতিকোর রক্ষণ-দেয়ালে বাধা পেয়ে ফিরে আসবে - এমনটাই তো হওয়ার কথা ছিল!
সেটাই হয়েছে। গোলবন্যা দেখা যায়নি। তাই বলে নিজেদের মাঠ থেকে সিটি খালি হাতেও ফেরেনি। গোল পেয়েছে ঠিকই। আতলেতিকোর জমাট রক্ষণ ভেদ করে গার্দিওলাকে উদ্ধার করেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সিটি জিতেছে ১-০ গোলে।
তাতে প্রথম লেগ শেষে সিটির স্বস্তি বেড়েছে যতটুকু, আগামী সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে আয়োজিত হতে যাওয়া দ্বিতীয় লেগের আকর্ষণ বেড়েছে আরও অনেক বেশি। নিজেদের মাঠে সিটির মতো কোনোভাবে আতলেতিকো একটা গোল করতে পারলেই ব্যস, সমতায় আসবে দুই দল।
প্রত্যাশামাফিক শুরু থেকেই জানপ্রাণ দিয়ে রক্ষণ সামলে গেছে মাদ্রিদের দলটা। ৩-৫-২ ছকটা ক্ষণে ক্ষণে ৫-৩-২ তে রূপ নিয়েছে স্টার্লিং, মাহরেজ ও বের্নার্দোদের দাপট সামলাতেই। কিন্তু সিটি নিয়মিত আক্রমণে উঠে গেলেও, একাদশে প্রথাগত স্ট্রাইকার না থাকলে যে কি হয়, সেটা বুঝেছে আবার। আতলেতিকোর বক্সের আশেপাশে বল নিয়ে ঘুরঘুর করলেও গোলমুখে শট নিতে পারছিল না সেভাবে। এর মধ্যেই ডিবক্সে বের্নার্দো সিলভাকে আতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকে অন্যায়ভাবে ফেলে দিলে পেনাল্টির আবেদন জানায় সিটি, লাভ হয়নি।
৩-৫-২ ছকে আতলেতিকোর স্ট্রাইকার হিসেবে খেলেছেন আতোয়ান গ্রিজমান ও জোয়াও ফেলিক্স। তবে দুজনকে যে শট বা গোল নয়, শুধুই রক্ষণ করার দায়িত্ব দিয়েছেন সিমিওনে, সেটা বোঝা গেছে গোটা নব্বই মিনিট জুড়ে। পুরো ম্যাচে ফেলিক্স-গ্রিজমান তো বটেই, আতলেতিকোর কেউই গোল বরাবর একটা শটও নেননি। সিটির পায়ে বল তুলে দিয়ে রক্ষণ করে যাওয়াতেই ছিল তাঁদের যত মনোযোগ। মাঝেমধ্যে রেইনিলদো, রেনান লোদি, কোকে ও ফেলিক্সের কল্যাণে আতলেতিকো প্রতিআক্রমণে উঠে গিয়ে সিটির রক্ষণে ত্রাস ছড়ানোর চেষ্টা করলেও শেষমেশ কিছু করতে পারেনি।
৭০ মিনিটের দিকে আতলেতিকোর রক্ষণভাগ আস্তে আস্তে হাঁপিয়ে উঠলে সে সুযোগটা নেন গার্দিওলা, মাহরেজের জায়গায় মাঠে নামান ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনকে। আতলেতিকোর ক্লান্ত রক্ষণভাগ খোলার চাবিটা যেন এই ফোডেনের কাছেই ছিল। ৭০ মিনিটে এই ফোডেনের রক্ষণচেরা পাসেই লক্ষ্যভেদ করেন ডি ব্রুইনা। শেষ দিকে আতলেতিকোর খেলার ধরণে বিরক্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ফরাসি ডিফেন্ডার আয়মেরিক লাপোর্ত হলুদ কার্ড দেখেন, বেশি হলুদ কার্ড দেখার কারণে আগামী লেগটা খেলা হবে না জেসুসের।
এমনিতেই সিটিতে স্ট্রাইকার নেই, যে একজন আছে, এখন তাকেও দ্বিতীয় লেগে প্রয়োজন পড়লে মাঠে নামাতে পারবেন না গার্দিওলা। আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে স্ট্রাইকারহীন সিটির আজ যে কষ্ট হয়েছে, সেটা দেখার পর এই তথ্যটুকুই আজ ম্যাচ শেষে দিয়েগো সিমিওনেকে শান্তি দেবে।
অপেক্ষা এখন দ্বিতীয় লেগের!