ডি মারিয়া-রোহোর 'উল্কি' প্রতিযোগিতা

ব্রাজিল বিশ্বকাপে দুজনের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। কেবল পারফরম্যান্সে নয়, দুজনের পছন্দ-রুচিতেও অনেক মিল! অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কোস রোহো দলবদল পর্বে বেছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। যতই সতীর্থ হোন না কেন, এক জায়গায় দুজনের কিন্তু বেশ ‘প্রতিদ্বন্দ্বিতা’। কী নিয়ে সেই প্রতিদ্বন্দ্বিতা? শুনলে অবাক হবেন, শরীর উল্কি দিয়ে ভরে ফেলার প্রতিযোগিতায় মেতেছেন দুই আর্জেন্টাইন!

এ মুহূর্তে ইউনাইটেডের সবচেয়ে ‘উল্কি ঢাকা’ খেলোয়াড় রোহো! আর্জেন্টিনার এই ডিফেন্ডারের শরীরজুড়ে কেবলই উল্কি। বুকে তাঁর স্প্যানিশ ভাষায় লেখা, ‘আমার পরিবারের জন্য’। পেটের এক পাশে ২০০৯ সালে জেতা কোপা লিবার্তাদোরেসের ট্রফি! হাতে-পায়ে, বুকে-পেটে—রোহোর এমন কোনো জায়গায় নেই যেখানে উল্কি নেই! উল্কি আঁকার প্রতিযোগিতায় ডি মারিয়াও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। এই তারকা উইঙ্গারের হাতে-পায়ে রয়েছে নানা নকশার উল্কি। তবে তা রোহোর চেয়ে বেশি নয়! তবে ডি মারিয়া হাভে-ভাবে বুঝিয়ে দিয়েছেন খুব সত্বরই উল্কিতে রোহোকে ছোঁয়ার পরিকল্পনা তাঁর।
কদিন আগে রেকর্ড গড়ে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন ডি মারিয়া। তারও কিছু দিন আগে রোহো। ‘উল্কি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকুক। কিন্তু মাঠের প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা একে অন্যকে ছাপিয়ে গেলেই লাভ ম্যানচেস্টার ইউনাইটেডের। তাঁদের পেছনে খরচটা তো আর নেহাতই কম নয়। সূত্র: মেইল অনলাইন।