ডি মারিয়ার কথাবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

তাহলে কি ফ্লোরেন্তিনো পেরেজের দাবি মিথ্যা? রিয়াল মাদ্রিদই রাখতে চায়নি অ্যাঙ্গেল ডি মারিয়াকে? ডি মারিয়া ও তাঁর এজেন্ট কিন্তু সে রকমই দাবি করছেন। তবে ডি মারিয়া এর চেয়েও বড় বোমাটা ফাটিয়েছেন এই দাবি করে যে, বিশ্বকাপ ফাইনালে তাঁকে খেলতে বারণ করেছিল রিয়াল!

বার্নাব্যু ছাড়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। সেটিকেই সত্যি করে আগস্টের শেষে ডি মারিয়া ঠিকানা বানান ওল্ড ট্রাফোর্ডকে। এর পর থেকে পুরোনো ক্লাবের সঙ্গে বেশ চাপান-উতোর চলছে আর্জেন্টাইন উইঙ্গারের। দুই দিন আগে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দাবি করেছেন, ডি মারিয়া বিশাল অঙ্কের বেতন দাবি করেছিলেন বলেই তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে রিয়াল।

তবে ২৬ বছর বয়সী উইঙ্গার ওটা উড়িয়ে দিয়েছেন, ‘আমি কখনোই বলিনি আমি মাদ্রিদ ছাড়তে চাই। ক্লাবই অন্য খেলোয়াড় আনার সিদ্ধান্ত নিয়েছিল। সতীর্থদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ ছিল।’ এজেন্ট ইউজেনিও লোপেজও স্প্যানিশ রেডিও কাদেনা কোপের কাছে এই কথাগুলোই আরেকটু ভেঙে বলেছেন, ‘বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদ কোনো প্রস্তাব দেয়নি। সে (ডি মারিয়া) কখনোই বছরে ৮০ লাখ ইউরো চায়নি। আরও অনেক কম বেতনেও সে থেকে যেত, যদিও অন্য ক্লাব এর চেয়েও বেশি বেতনের প্রস্তাব ওকে দিয়েছিল।’

তাহলে রিয়ালের গড়িমসির কারণেই ডি মারিয়া ক্লাব ছাড়তে বাধ্য হয়েছেন? লোপেজের সে রকমই দাবি, ‘আমাদের ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছানো। ওকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাই সে চেয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে ওকে যা দেওয়া হয় তার চেয়ে অনেক কমে সে থেকে যেত।’

ডি মারিয়া চমক দিয়েছেন আরও, আর্জেন্টাইন রেডিও আমেরিকা অ্যান্ড ক্লসকে বলেছেন, বিশ্বকাপ ফাইনালে তাঁকে খেলতে নিষেধ করেছিল রিয়াল, ‘আমি সেদিন ১১টার সময় মাদ্রিদের কাছ থেকে একটা চিঠি পাই, আমাকে মাঠে নামতে নিষেধ করা হয়।’ সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্য কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলা হয়নি। কিন্তু এই চিঠিটা পড়ে প্রতিক্রিয়া কী হয়েছিল? ডি মারিয়া জানাচ্ছেন, ‘আমাদের ম্যাচ ছিল চারটায়, আমি নিজেকে সর্বোচ্চ ভালো অবস্থায় নিতে প্রস্তুত হচ্ছিলাম। যদিও জানতাম, আমি চোট পেতে পারি। চিঠিটা পড়ামাত্রই ছিঁড়ে ফেলে দিলাম। গ্রাহ্যই করিনি ওটা।’ শেষ পর্যন্ত অবশ্য ফাইনালে নামতে পারেননি।

পেরেজের ওপর জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন, ‘ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যখন চুক্তি সই করি উনি সেখানে ছিলেন না।’ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বন্ধুতায় গর্বিত ডি মারিয়া, ‘ক্রিস্টিয়ানো সব সময় আমার পক্ষেই ছিল। সে চেয়েছিল আমি থাকি। আমি জানি না সে নিজে কত দিন মাদ্রিদে থাকতে পারবে!’ গোলডটকম।