ডি মারিয়ার কাছে জার্মানির হার

ডুসেলডর্ফে কাল অ্যাঙ্গেল ডি মারিয়াকে দেখে আফসোস হতে পারে আর্জেন্টিনা-সমর্থকদের। কী খেলাটাই না খেললেন তিনি। লিওনেল মেসি চোটের কারণে ছিলেন না, কিন্তু তাতে কি, জার্মানরা কাল হাড়ে হাড়েই বুঝেছে বিশ্বকাপ ফাইনালে ডি মারিয়ার না খেলাটা তাদের জন্য কতটা আশীর্বাদস্বরূপ ছিল। বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তির প্রীতিম্যাচে কাল আর্জেন্টিনার ৪-২ গোলে জয়ে অসাধারণ অবদান সদ্যই রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই তারকা উইঙ্গারের। নিজে একটি গোল করেছেন, অন্যদের দিয়ে করিয়েছেন বাকি তিনটি। মেসির ভূমিকাটা কাল পুরোপুরিই নিজের করে নিয়েছিলেন ডি মারিয়া।
খেলার ২০ থেকে ৫০ মিনিট—এই আধ ঘণ্টার মধ্যেই খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ২০ মিনিটে সার্জিও আগুয়েরো, ৪০ মিনিটে লামেলা, ৪৭ মিনিটে ফার্নান্দেজ ও ৫০ মিনিটে ডি মারিয়া নিজে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান ৪-০ গোলে। এরপর আর খেলা হয় নাকি! কিন্তু প্রতিপক্ষ জার্মানি বলেই খেলাটা হলো এবং বেশ ভালোভাবেই হলো। জার্মানরা দুটি গোল ফিরিয়ে দিল আন্দ্রে শুরলে ও মারিও গোটশের মাধ্যমে। কিন্তু শেষ রক্ষা হলো না। এক ডি মারিয়াই ডুসেলডর্ফ শহরে ঝড় তুলে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিয়ে এলেন।
বিশ্বকাপ ফাইনালে খেলা জার্মান দলের অনেকেই কাল অনুপস্থিত ছিলেন ডুসেলডর্ফে। বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম ছিলেন না অবসর নিয়ে নেওয়ার কারণে। একই কারণে ছিলেন না পার মার্তেসেকার ও মিরোস্লাভ ক্লোসা। ছিলেন না নতুন অধিনায়ক বাস্তেইন শোয়েনস্টাইগারও। দল যা-ই হোক, বিশ্বজয়ীদের কাল নিজেদের মাঠে বড় এক ধাক্কাই দিয়ে এসেছে আর্জেন্টিনা।
খেলার ২০ মিনিটে ডি মারিয়ার নিখুঁত এক লবে পা ছুঁয়ে গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারকে পরাভূত করেন আগুয়েরো। এর ঠিক ২০ মিনিট পর ডান প্রান্ত থেকে ঢুকে ডি মারিয়ার বাড়ানো দারুণ এক ক্রস থেকে এরিক লামেলা দ্বিতীয় গোলটি করেন দুর্দান্ত এক ভলিতে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ওই ডি মারিয়ার বাম পায়ের ফ্রি-কিক থেকে দারুণ হেডে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে নেন ফেদারিকো ফার্নান্দেজ। ৫০ মিনিটে ডি মারিয়াই বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢুকে আর্জেন্টিনার চতুর্থ গোলটি ঠেলে দেন জার্মানির জালে।
৫২ মিনিটে জার্মানির পক্ষে একটি গোল ফেরত দেন শুরলে। ৭৮ মিনিটে বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিও গোটশের পা থেকে আসে জার্মানদের সান্ত্বনার গোল।
আলেসান্দ্রো সাবেলার উত্তরসূরি হয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই জয় পেলেন জেরার্ডো মার্টিনো। ম্যাচ শেষে স্বভাবতই উত্ফুল্ল ছিলেন তিনি। ডি মারিয়াকে প্রশংসায় ভাসিয়ে মার্টিনো জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের এই পারফরম্যান্স একেবারেই অবাক করেনি তাঁকে, ‘ডি মারিয়া এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। তাঁর এই পারফরম্যান্স আমাকে মোটেও অবাক করেনি।’
আর্জেন্টিনার এই পারফরম্যান্স বিশ্বকাপ ফাইনাল নিয়ে বেশ আফসোসই তৈরি করছে মার্টিনোর মনে, ‘অবশ্যই ফাইনালে ডি মারিয়ার উপস্থিতি আর্জেন্টিনাকে অন্য রকম শক্তি জোগাত।’
জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য মনে করেন, বিশ্বকাপ ফাইনালে ডি মারিয়ার উপস্থিতি কোনো ‘উনিশ-বিশ’ সৃষ্টি করতো না, ‘আসলে ১৩ জুলাই দিনটি ছিল আমাদের। ওই দিন আর্জেন্টিনা দলে ডি মারিয়া থাকলেও আমরাই জিততাম, এটা আমি মনে-প্রাণেই বিশ্বাস করি।’ রয়টার্স।