ডি মারিয়ার সামনে আগুয়েরোর উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর ডি মারিয়াকে সাক্ষী রেখেই আগুয়েরোর উল্লাস। ছবি: রয়টার্স
গোলের পর ডি মারিয়াকে সাক্ষী রেখেই আগুয়েরোর উল্লাস। ছবি: রয়টার্স

৬৩ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে ম্যানচেস্টার ডার্বিতে গোলটি করে সার্জিও আগুয়েরো যখন উল্লাসে মেতে উঠলেন, বন্ধু, জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার কেমন লাগছিল তখন? কিংবা মার্কোস রোহোর? কলজেটা কি ফেটে যাচ্ছিল না! পেশাদার ফুটবলে যদিও ওসব বন্ধুত্বের মূল্য সামান্যই। আগুয়েরোর একমাত্র গোলেই ম্যানচেস্টার সিটি হারাল ম্যানচেস্টার ইউনাইটেডকে। 
‘স্টুপিড’ শব্দটা কি খুব প্রিয় লুই ফন গালের? না হলেও যে শব্দটা বারবার ব্যবহার করতে হচ্ছে তাঁকে। গত সপ্তাহ লিগে চেলসির বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে হার এড়ানো গোলটার পর রবিন ফন পার্সি জার্সি খুলে উদযাপন করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ ফন পার্সিকে বললেন ‘স্টুপিড’! আজ সিটির মাঠে অনুষ্ঠিত ডার্বিতে মারাত্মক এক ভুল করে বসলেন ক্রিস স্মলিং। ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ডের ফল হিসেবে ৩৯ মিনিটেই দেখলেন লাল কার্ড। ১০ জনের দল নিয়ে এত লম্বা সময় ধরে কী লড়াই করা যায়! ইউনাইটেড হারল ১-০ ব্যবধানে।
স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ ফন গাল। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে হেরে ডাচ কোচ স্মলিংকেও বলে বসলেন ‘স্টুপিড’, ‘ডার্বিতে আপনাকে খুবই সতর্ক হতে হবে। ওর দ্বিতীয় হলুদ দেখাটা ছিল স্টুপিডের মতো কাজ!’ ফন গালের মতে ওটাই ছিল সিটির টার্নিং পয়েন্ট।
এ নিয়ে ১০ ম্যাচে ১০ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষ স্থানে আগুয়েরো। তবে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে অবস্থান ম্যানুয়েল পেলিগ্রিনির দল। ১৩ পয়েন্ট নিয়ে নয় নাম্বারে অবস্থান ইউনাইটেডের। সূত্র: এএফপি৷