ডি মারিয়া ইউনাইটেডে?

গত মৌসুমটা স্বপ্নের মতো গেছে। রিয়ালের হয়ে জিতেছিলেন লা ডেসিমা, লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তো সেরা খেলোয়াড়ই হয়েছিলেন। অথচ নতুন মৌসুমে অ্যাঙ্গেল ডি মারিয়া হঠাৎ আবিষ্কার করলেন, প্রথম একাদশে তিনি আর অপরিহার্য নন! উয়েফা সুপার কাপে বসে থাকতে হলো বেঞ্চে। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে দর্শক হয়েই থাকতে হলো। তাহলে কি ডি মারিয়ার রিয়াল-অধ্যায়টা চুকে যাচ্ছে? ব্রিটিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড হতে যাচ্ছে ডি মারিয়ার নতুন ঠিকানা।
কাল কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ‘সে (ডি মারিয়া) বিদায় বলার জন্য এসেছিল। এখনো আনুষ্ঠানিক হয়নি, তবে তার দলবদল হয়েই গেছে। ক্লাবের হয়ে যা করেছে, তার সবকিছুর জন্যই তাকে ধন্যবাদ।’কিন্তু সম্ভাব্য গন্তব্য কোনটি? আগে থেকে শোনা যাচ্ছিল পিএসজি ও ইউনাইটেডের নাম। পরে অবশ্য পিএসজি বলে দেয়, ডি মারিয়ার দামটা তাদের কাছে বড্ড বেশি। দৌড়ে ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেড। এখন জানা যাচ্ছে, ওল্ড ট্রাফোর্ডেই আসছেন ডি মারিয়া।
কিন্তু ইউনাইটেড ২৬ বছর বয়সী উইঙ্গারের জন্য কত খরচ করছে? ব্রিটিশ সংবাদমাধ্যমের ধারণা, অঙ্কটা ৬-৭ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। খবরটা ঠিক হলে সেটা প্রিমিয়ার লিগের ইতিহাসের রেকর্ডভাঙা দলবদল হবে। ২০১১ সালে লিভারপুল থেকে ফার্নান্দো তোরেসকে আনতে ৬ কোটি ২০ লাখ ইউরো খরচ করেছিল চেলসি। ডি মারিয়াকে আনতে এর চেয়ে বেশি খরচ করতে হতে পারে ইউনাইটেডকে। সেটা হলে নিজেদের ক্লাব ইতিহাসের রেকর্ডও (হুয়ান মাতার ৪ কোটি ৬০ লাখ ইউরো) ভেঙে যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, আজকালের মধ্যেই সবকিছু আনুষ্ঠানিক হয়ে যেতে পারে। ডি মারিয়ার এজেন্ট সিঙ্গাপুর থেকে লন্ডনে এলেই চুক্তি সই হয়ে যাবে। এমনকি ডি মারিয়া যে ইউনাইটেডের সাত নম্বর জার্সি পরবেন, সেটাও ঠিক হয়ে আছে। সেটা হলে জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো খেলোয়াড়দের উত্তরসূরি হতে যাচ্ছেন। তাঁর বার্ষিক বেতন হতে পারে ৮০ লাখ ইউরো। রিয়ালে অবশ্য পেতেন ৩৫ লাখ ইউরো। রয়টার্স, স্কাই স্পোর্টস, ইএসপিএন।