ডি মারিয়া খেলতে পারবেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি মারিয়ার চোট নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা। ছবি: এএফপি।
ডি মারিয়ার চোট নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা। ছবি: এএফপি।

লিওনেল মেসির আরেকটি চোখজুড়ানো পারফরম্যান্স, শতবার্ষিকী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা...পানামা ম্যাচে আর্জেন্টিনার প্রাপ্তির কমতি নেই। কিন্তু এত আনন্দের মাঝে একটু চিন্তার ভাঁজ পড়ার কথা কোচ জেরার্ডো মার্টিনোর কপালে। ম্যাচের প্রথমার্ধেই যে ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। 

চোট কতটা গুরুতর, সেটি অবশ্য এখনো জানা যায়নি। জানা যাবে স্ক্যানের পর। সব মিলিয়ে এখন একটা প্রশ্নই ঘুরছে আর্জেন্টিনা দলকে ঘিরে, ডি মারিয়ার টুর্নামেন্ট কি তবে এখানেই শেষ?
এবারের কোপা আমেরিকার শুরু থেকে মেসিকে পায়নি আর্জেন্টিনা। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক, প্রত্যাবর্তনকে রাঙিয়েছেনও দুর্দান্ত হ্যাটট্রিক করে। কিন্তু তাঁর ‘প্রত্যাবর্তনে’র আগে আলবিসেলেস্তেদের ভরসা হয়ে তো ছিলেন ডি মারিয়াই। চিলির বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম গোলটি করেছিলেন প্যারিস সেন্ট জার্মেই উইঙ্গার, গড়ে দিয়েছেন এভার বানেগার করা দ্বিতীয় গোলটিও। আজও ম্যাচের ৭ মিনিটে তাঁর ক্রস থেকেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন নিকোলাস ওটামেন্ডি।
কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগেই হঠাৎ মাটিতে বসে পড়েন ডি মারিয়া। নিজেই সংকেত দিয়ে রেখেছিলেন, আর চালিয়ে যেতে পারবেন না। পরে তাঁর বদলি হিসেবে নামানো হয়েছিল এরিক লামেলাকে।
এটিই আর্জেন্টিনা–ভক্তদের মধ্যে শঙ্কা জাগিয়ে তোলার কথা। বড় কোনো টুর্নামেন্টে ডি মারিয়ার চোট পাওয়ার দৃশ্যটা তো এখন ‘নিয়মিত’ হয়ে গেছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি, গত বছরের কোপা আমেরিকার ফাইনালেও ম্যাচের আধা ঘণ্টা যেতে না যেতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই উইঙ্গারকে। এর আগে ২০০৭ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও ফাইনাল খেলতে পারেননি চোটের কারণে।
শতবার্ষিকী এই কোপাতেও কি ডি মারিয়ার বাধা হবে চোট? সূত্র: গোলডটকম।