ডি মারিয়া পিএসজিতে?
পরশু ক্যালিফোর্নিয়ায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা। অথচ অ্যাঙ্গেল ডি মারিয়া সেখানে নেই। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গালকে তাই ছেঁকে ধরলেন সাংবাদিকেরা। একজন ফুটবলার অনিবার্য কারণে অনুশীলনে যোগ না-ও দিতে পারেন। কোচের তখন তাঁর পক্ষ হয়ে কথা বলাটাই স্বাভাবিক। কিন্তু ফন গালের উত্তরটা সবার জন্য বিস্ময় হয়েই এল, ‘আমি শুনেছি ও বিমানে ওঠেনি। এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।’ ডি মারিয়া-ফন গালের এই যোগাযোগ-বিচ্ছিন্নতা কেন? তাহলে কি ইউনাইটেড থেকে পিএসজিতে যাওয়ার গুঞ্জনটা সত্যি?
দলবদল মৌসুমে এসব গুঞ্জন খুবই নৈমিত্তিক। ডি মারিয়া পিএসজিতে যাচ্ছেন, এমন ফিসফাঁস বেশ কয়েক দিন ধরেই। কিন্তু গত দুদিনের ঘটনা-পরম্পরায় এখন সেই গুঞ্জনের পালে জোর হাওয়া লাগছে! ফন গাল তো একটা ইঙ্গিত দিয়ে রেখেছেনই, পিএসজি কোচ লরা ব্লাঁ ও স্ট্রাইকার ইব্রাহিমোভিচের কথায়ও সে রকম আভাস।
ইউনাইটেডের মতো পিএসজিও এখন যুক্তরাষ্ট্র সফরে। ব্লাঁ সেখানেই স্বীকার করলেন, কথাবার্তা অনেক দূরই এগিয়েছে, ‘অনেক দিন থেকেই কথা চলছে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, খুব শিগগিরই আমরা একটা পরিণতি দেখতে পাব। আমি আবারও বলছি, ওর পিএসজিতে যোগ দেওয়ার সব রকম সম্ভাবনাই আছে, কিন্তু এই মুহূর্তে সে ইউনাইটেডের খেলোয়াড়।’ ইব্রা অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষাই করেননি, ‘ওকে আমরা স্বাগত জানাচ্ছি, সে দারুণ একজন খেলোয়াড়। ওকে পেলে দল আরও ভালো হবে।’
মাত্র এক মৌসুম আগেই ব্রিটিশ রেকর্ড ৮ কোটি ৪০ লাখ ইউরো দিয়ে ডি মারিয়াকে নিয়ে এসেছিল ইউনাইটেড। ফ্রান্স দৈনিক লেকিপ-এর দাবি সত্যি হলে, ডি মারিয়ার জন্য পিএসজিকে সাত কোটি ইউরো খরচ করতে হচ্ছে।
ইউনাইটেডও বোধ হয় আর্জেন্টাইন উইঙ্গারের বিকল্প খুঁজে নিয়েছে। শোনা যাচ্ছে, বার্সেলোনা উইঙ্গার পেদ্রোকে পেতে আগ্রহী ফন গাল। এএফপি।