ডি মারিয়ার চেয়ে পেদ্রো ভালো!

যেখানেই যাচ্ছেন, লুই ফন গালকে প্রশ্নটার মুখোমুখি হতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড কি দলবদল শেষ হওয়ার আগে কোনো স্ট্রাইকার কিনবে? রবিন ফন পার্সি, রাদামেল ফ্যালকাওরা চলে যাওয়ায় ইউনাইটেডের আক্রমণভাগে এখন পরীক্ষিত বলতে শুধু ওয়েইন রুনিই আছেন। ফন গাল অবশ্য দাবি করেছেন, ইউনাইটেডে স্ট্রাইকার দরকার নেই। তবে যতই এমন বলুন, ডি মারিয়ার জায়গায় পেদ্রোকে আনার গুঞ্জনটা আরও জোরালোই হচ্ছে। এমনকি থিয়েরি অঁরির কথাটা ফন গালকে আরও প্ররোচিত করতে পারে। সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার তো পেদ্রোকে ডি মারিয়ার চেয়েও এগিয়ে রাখছেন!
লিগের প্রথম ম্যাচে টটেনহামের বিপক্ষে ইউনাইটেড জয় পেয়েছে বটে, কিন্তু সেটি তো প্রতিপক্ষের উপহার। জয় এসেছে আত্মঘাতী গোলে। রুনি অনেকটা নিষ্প্রভ ছিলেন, সেভাবে গোলের সুযোগই পাননি। আবার কয়েক সপ্তাহ আগে ফন গালের মুখে একটা ‘চমক’ দেওয়ার ইঙ্গিত ছিল। এরপরই গুঞ্জন, সেই চমকটা একজন স্ট্রাইকার! কিন্তু পরশু ইউনাইটেডের ডাচ কোচের বক্তব্যে নতুন স্ট্রাইকার আনা নিয়ে থাকল একটা অস্পষ্টতা, ‘এটা আমার জন্য বিশেষ কিছু নয়, প্রচারমাধ্যমই এ নিয়ে বেশি মাতামাতি করছে। রুনির সঙ্গে আমাদের হার্নান্দেজ, ইয়ানুজাই ও উইলসন আছে। এদের চেয়ে অনেক বেশি ভালো কাউকে যদি পাই তাহলে অবশ্যই কিনব। সেটা আমরা আগেও করেছি।’

কিন্তু স্ট্রাইকার হিসেবে পেদ্রোকে কি মনে ধরছে না ফন গালের? বার্সেলোনায় ৩১৮ ম্যাচে ৯৮ গোল—রেকর্ডটা খারাপ নয়। ফন গাল পেদ্রো সম্পর্কে পরিষ্কার কিছু বলছেন না। তবে পেদ্রোকে উইঙ্গার হিসেবেই এগিয়ে রাখেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরি, ‘পেদ্রোকে আনলে ম্যানচেস্টার ইউনাইটেড অসাধারণ একজন খেলোয়াড় পাবে। সে ছিল আদর্শ একজন সহ-খেলোয়াড়, উইংয়ে খেলাটা ওর মতো ভালো কেউ বুঝত না। একপ্রান্ত থেকে চাপ তৈরি করায় তার সমান কেউ ছিল না, এটা তার রক্তেই আছে।’
অঁরি মনে করেন, ফন গালের ধরনের সঙ্গে ডি মারিয়া খাপ খাইয়ে নিতে পারেননি, কিন্তু পেদ্রোর ক্ষেত্রে সেই সমস্যা হবে না। পেদ্রোকে নিয়ে অঁরির একটা মুগ্ধতা আছে, ‘পেদ্রো আরও অনেক বেশি সুশৃঙ্খল। গত বছর নেইমার, মেসি, সুয়ারেজের জন্য ওভাবে সুযোগ না পেলেও বার্সেলোনার জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।’
তবে সবকিছুর আগে, পেদ্রোকে ওল্ড ট্রাফোর্ডে আসতে তো হবে। গোলডটকম।