ডি মারিয়ার দরকার নেই রিয়ালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

তবে কি গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে? অ্যাঙ্গেল ডি মারিয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদের নির্লিপ্ততা কি ইঙ্গিত দিচ্ছে তাঁর দলবদলের? নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিপুল অঙ্কের প্রস্তাব পাওয়া ডি মারিয়াও কি স্পেন থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর ব্যাপারে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছেন? রিয়ালের সাম্প্রতিক ম্যাচগুলোয় ডি মারিয়ার অনুপস্থিতি কিন্তু ব্যাপারটিকে সেদিকেই নিয়ে যাচ্ছে। কাল সুপার কাপের দ্বিতীয় লেগেও রিয়ালের জার্সি গায়ে মাঠে ছিলেন না এই আর্জেন্টাইন তারকা। এমনকি তাঁকে বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামানোর প্রয়োজনীয়তা বোধ করেননি কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু কেন?ভিসেন্তে ক্যালদরনে অ্যাটলেটিকোর কাছে স্প্যানিশ সুপার কাপ খুইয়ে ডি মারিয়ার ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাঁকে মাঠে না নামানোর বিষয়টিকেই তিনি ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। ডি মারিয়ার দল ছাড়ার সিদ্ধান্ত পাকাপাকি হওয়ার ফলই কি এই ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’? আনচেলত্তি অবশ্য এর বিশদ ব্যাখ্যায় যাননি। আনচেলত্তির ভাষায়, দলেও নাকি এই মুহূর্তে দরকার নেই ডি মারিয়ার!
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবশ্য ব্যাপারটা নিয়ে আর কথাবার্তা এগোতে দেননি আনচেলত্তি। চলে গেছেন খেলার আলোচনায়। ইনিয়ে-বিনিয়ে বলেছেন, সুপার কাপটা খুব একটা গুরুত্বের সঙ্গে নেয়নি রিয়াল, ‘সুপার কাপে হেরেছি। কিন্তু গত মে মাসে লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা কিন্তু ঠিকই জিতেছিলাম। উল্টোটাও তো হতে পারত। চ্যাম্পিয়নস লিগে হেরে গিয়ে যদি সুপার কাপ জিততাম! সুপার কাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ উত্তম। তবে ঠিক যে ম্যাচটা আমরা মোটেও ভালো খেলিনি।’ সূত্র: গোল ডটকম।