ডি মারিয়ার 'হৃদয়ে' রিয়াল

অ্যাঙ্গেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদে এসেছিলেন কুঁড়ি হয়ে, এখানেই ফুটেছেন ফুল হয়ে। প্রতিশ্রুতিশীল এক ফুটবলার থেকে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরাদের কাতারে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনেক দিন খেলে গত মৌসুমেই পাড়ি জমিয়েছিলেন নতুন গন্তব্যে। এই মৌসুমে আবার পরিবর্তন করেছেন ক্লাব। এবারের গন্তব্য প্যারিস। পেশাদার ফুটবলার তিনি। বেছে নিতেই পারেন ভিন্ন গন্তব্য। কিন্তু তাঁর দীর্ঘ দিনের ঠিকানার স্মৃতি যে খুব শিগগিরই ভুলে যেতে পারবেন না সেটা জানিয়ে দিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে পুরোনো ক্লাবের বিপক্ষে দেখা হওয়ার আগে ঘোষণার মত করেই বলেছেন, রিয়ালের বিপক্ষে গোল করলেও তা উদ্যাপন করবেন না তিনি।
পেশাদার ফুটবলে একটি নির্দিষ্ট একটি ক্লাবে আজীবন পার করা এখন প্রায় অবিশ্বাস্য ঘটনা। ফ্রান্সেসকো টট্টি, পাওলো মালদিনির মতো খেলোয়াড়েরা এখন পরিণত হয়েছেন বিরল প্রজাতির খেলোয়াড়ে। ক্লাবগুলোও এখন আর আনুগত্যের মর্যাদা দিতে চায় না। গত মৌসুমেই রিয়ালের ঘরের ছেলে বলে খ্যাত ইকার ক্যাসিয়াসের বার্নাব্যু ত্যাগ আনুগত্যের ব্যাপারটিকে মিথ্যে প্রমাণ করেছে।
ডি মারিয়া এবার পিএসজিতে যোগ দিতেই পড়েছেন কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে। চ্যাম্পিয়নস লিগে পিএসজি আর তাঁর পুরোনো ক্লাব রিয়াল পড়েছে একই গ্রুপে। এই দুই দলের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাঁর পুরোনো ঠিকানায়। ৩ নভেম্বরের ওই ম্যাচটি এখনই উদ্বেলিত করছে ডি মারিয়াকে। তার আগে প্যারিসে রিয়াল আতিথ্য নেবে পিএসজির। এই দুটো ম্যাচ আবেগ তাড়িত করবেই এই আর্জেন্টাইন তারকাকে। পেশাদারত্বের সর্বোচ্চ পরীক্ষাটা তাঁকে দিতে হবে এই দুটো ম্যাচেই।
রিয়ালের সঙ্গে তাঁর খেলা পড়বে, ব্যাপারটা নাকি আগেই টের পেয়েছিলেন তিনি। পিএসজিতে আসার পরপরই নাকি তাঁর স্ত্রীকে বলেছিলেন নিজের মনের কথাটি, ‘আমি আমার স্ত্রীকে বলেছিলাম, দেখো রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঠিকই আমার খেলা পড়বে। জানি না কেমন অভ্যর্থনা অপেক্ষা করছে আমাদের জন্য। কিন্তু রিয়ালের হয়ে আমি “লা ডেসিমা”সহ অন্যান্য শিরোপা কিন্তু জিতেছিলাম।’
পুরোনো ক্লাবকে সম্মানই জানাবেন তিনি। এই ক্লাবে যে তাঁর আছে অসংখ্য স্মৃতিই, ‘আমি ওদের সম্মানই জানাবো। গোল করে উৎসব করার মতো কিছু করব না।’
সাবেক ক্লাবকে এভাবে সম্মান জানানোর রীতিটা কিন্তু যথেষ্ট পুরোনোই। এর আগে রিয়ালের হয়েই ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে গোল দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল উদ্যাপনের জন্য বিখ্যাত রোনালদো কিন্তু সেবার গোল করে অনেকটা ক্ষমাপ্রার্থী ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সূত্র: মার্কা ডট কম