ডি রসির স্মরণীয় রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাবের হয়ে ৫০০তম ম্যাচ। কী দারুণভাবেই না সেটা স্মরণীয় করে রাখলেন রোমার মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রসি। সিরি ‘আ’তে পরশু এম্পোলির বিপক্ষে ম্যাচে হেড থেকে দুর্দান্ত একটা গোল করলেন। তাঁর গোলের আগে-পরে মিরালেম পিয়ানিচ ও মোহামেদ সালাহর আরও দুটি গোল মিলিয়ে ম্যাচটাও রোমা জিতেছে ৩-১ ব্যবধানে।
চোটের কারণে ফ্রান্সেসকো টট্টি না থাকায় এ ম্যাচে অধিনায়কের দায়িত্বও ছিল ডি রসির কাঁধে। সব মিলিয়ে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অসাধারণ একটা রাতই কেটেছে ডি রসির, ‘যখন দল জেতে, সেটা এমনিতেই আমার কাছে বিশেষ কিছু। সেই সঙ্গে আমিও একটা গোল পেলাম। সব সময় তো আর আমার এমন সৌভাগ্য হয় না।’
রোমার হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে কখনো সিরি ‘আ’ জেতা হয়নি ডি রসির। তবে এবার সেই অপেক্ষা ঘুচবে বলে আশাবাদী ইতালিয়ান মিডফিল্ডার, ‘এটা শুধু আমার স্বপ্ন নয়, এই শহরেরও (রোম) স্বপ্ন।’ গোলডটকম।