ডিজে, র‍্যাপার...ফুটবল ছাড়ার এসবও কারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ড্রেন্থে এখন র‍্যাপার। ছবি: এএফপি
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ড্রেন্থে এখন র‍্যাপার। ছবি: এএফপি

পেশাদার ফুটবলার হওয়া কী দুর্দান্ত একটা ব্যাপার, না?

কাজটাই এমন যেটি আপনি করতে পছন্দ করেন। সেটির সন্তুষ্টি আছে। আর বাড়তি পাওনা? মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বেতন তো আছেই, আছে বিশ্বজোড়া খ্যাতিও। রীতিমতো স্বপ্নের মতো ব্যাপার! কিন্তু এই স্বপ্নও টলাতে পারে না অনেককে। এই যেমন, জিব্রিল সিসেকেই দেখুন। চার দিন আগে বুটজোড়া তুলে রেখেছেন। কেন? তাঁর ফুটবল আর ভালো লাগছে না। সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকারের ইচ্ছে, এসব ছেড়েছুড়ে দিয়ে এখন ডিজে হবেন।
তবে সিসের বয়স হয়ে গেছে ৩৫। এই বয়সে ফুটবল ছাড়া স্বাভাবিকই। সেটি ছেড়ে ডিজে হতে চাইছেন, সেটিও তাঁর ব্যক্তিগত পছন্দ। সেটি শুনে অবাক হতে পারেন, তবে এ নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু রয়স্টন ড্রেন্থের ব্যাপারটি শুনে একটু ভ্রু কুঁচকে তাকাতেই হয়। মাত্র ২৯ বছর বয়স তাঁর, এই বয়সেই ফুটবল ছেড়ে দিচ্ছেন। কারণ—ফুটবল নয়, সংগীতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ডের। র‍্যাপার হবেন তিনি।

জিব্রিল সিসেও ফুটবল ছেড়ে নাম লিখিয়েছেন সংগীতে। ছবি: এএফপি
জিব্রিল সিসেও ফুটবল ছেড়ে নাম লিখিয়েছেন সংগীতে। ছবি: এএফপি

২০০৭ সালে ১৪ মিলিয়ন ইউরোতে রিয়ালে এসেছিলেন ড্রেন্থে। তখন তাঁর বয়স ১৯। প্রচণ্ড গতি, পাশাপাশি স্কিল মিলিয়ে ভবিষ্যতের তারকাই ভাবা হচ্ছিল ডাচ উইঙ্গারকে। কিন্তু চোট ক্যারিয়ারে হানা দিয়েছে বারবার। সেটির পাশাপাশি আরেকটি বড় সমস্যাও ছিল, ফুটবলের বড় তারকা হিসেবে গড়ে তুলতে যে দৃঢ়প্রতিজ্ঞা লাগে, যে অধ্যবসায় লাগে, সেটি ড্রেন্থের ছিল কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন অনেকবার।
উত্তরটা সম্ভবত ‘না’। তেমন মানসিকতা ছিল না ড্রেন্থের। সে জন্যই শুরুতে এভারটন, এরপর রিডিং, শেফিল্ড ওয়েনেসডে হয়ে আরব আমিরাতের দল বানিয়াস...কোথাও থিতু হতে পারেননি। কিছুদিন আগে বানিয়াসের তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। তবে এখন আর নতুন ক্লাব খোঁজায় মনোযোগই দিচ্ছেন না ড্রেন্থে। অবসরই নিয়ে নিয়েছেন। এবার দেখা যাক, ফুটবলের ছন্দের চেয়ে র‍্যাপিংয়ের তাল-সুর তাঁকে ধরে রাখতে পারে কি না। আপাতত ‘প্যারানোইয়া’ নামে একটা র‍্যাপ গান বের করার চেষ্টা করছেন ড্রেন্থে।
ড্রেন্থের অবসরের মাত্র চার দিন আগে ফুটবল ছেড়ে সংগীতের দিকে ঝুঁকেছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার জিব্রিল সিসে। লিভারপুলে অতটা সফল হয়তো ছিলেন না, তবে ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটাতে ছিলেন। কিন্তু চোট আর ফর্মহীনতা মিলিয়ে কোনো ক্লাবেই তেমন কিছু করতে পারেননি। এখন অবসর নিয়ে ডিজে হবেন।