ডিপাইর জোড়া গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর চেয়ে সুন্দরভাবে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলের খাতা খুলতে পারতেন না মেম্ফিস ডিপাই। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্রথম লেগে ব্রুগের বিপক্ষে দলকে জেতালেন এই ডাচ উইঙ্গার। জোড়া গোল করেছেন, করিয়েছেন আরেকটি। ব্রুগেকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলাও অনেকটা নিশ্চিত ইউনাইটেডের। ১৯ বছরে গতবারই চ্যাম্পিয়নস লিগে খেলা হয়নি ইউনাইটেডের, আর এবার খেলতে হচ্ছে বাছাইয়ে। ঘরের মাঠে পরশু ৮ মিনিটে মাইকেল ক্যারিকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তারা। ১৩ মিনিটে দলের সমতাসূচক গোলের পর ৪৩ মিনিটে আরও একটি গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ডিপাই। ৯০ মিনিটে ইউনাইটেডের শেষ গোলটি ফেলাইনির। এএফপি।