ডিফেন্ডার জাস্টিন বিবারে পরাজিত নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় জাস্টিন বিবার
বার্সেলোনায় জাস্টিন বিবার

নেইমারকে রোখে সাধ্য কার! কিন্তু এবার এমন একজন ডিফেন্ডারকে পাওয়া গেল, খোদ নেইমার মানছেন, এই দেয়াল টপকানো দুঃসাধ্য। সেই ডিফেন্ডারের নাম জাস্টিন বিবার!

কানাডীয় এই সংগীত তারকা স্পেন সফরে গেছেন। এরই ফাঁকে গতকাল সোমবার এসেছিলেন বার্সেলোনার অনুশীলনে। সেখানেই মে​সি-নেইমার-সুয়ারেজদের সঙ্গে দেখা হয়ে গেল বিবারের। তবে বিবার শুধু দেখা-সাক্ষাৎই করলেন না; নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখাতে নেমে পড়লেন অনুশীলন মাঠে।
সেখানেই নেইমারের সঙ্গে বেশ লড়াই হলো খুব। পেনাল্টি শুটআউটের প্রতিযোগিতায় নেমে পড়লেন দুজনে। নেইমার বনাম বিবারের এই শুটআউট ঠেকানোর ভার পড়ল আবার রাফিনহার কাঁধে। এই মিডফিল্ডার দাঁড়িয়ে গেলেন গোলপোস্টে।
সেখানেই শুটআউটে কয়েকটি শটে বেশ চমকে দিলেন বিবার। একটা বাঁকানো শটের ক্যাপশন দিতেই হলো : বেন্ড ইট লাইক...বিবার! পানেনকাও করে দেখাতে চাইলেন। বল লোফালুফির কিপিআপি করলেন। করিয়ে দেখালেন ড্রিবলও। একবার তো নেইমারকে বোকাই বানিয়ে দিলেন। সেই মুহূর্তটার ছবি টুইটারে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘এই ডিফেন্ডারকে ড্রিবল করা সম্ভব নয়।’ একপর্যায়ে বিবার নিজেও দাঁড়িয়ে গেলেন গোলপোস্টে।
সময়টা সবাই বেশ উপভোগ করেছেন। লিগে গত ম্যাচে না থাকা মেসি-সুয়ারেজও ফিরে এসেছেন অনুশীলনে। আগামীকাল চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচ আছে বার্সেলোনার। সূত্র: মার্কা, টুইটার।