ডিফেন্ডার নাকি গোলরক্ষক!
বিশ্বকাপে ম্যানুয়েল নয়্যার কী করেছিলেন মনে আছে? আলজেরিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মান গোলরক্ষক যা করেছিলেন, তাতে অনায়াসেই তাঁকে জার্মানির ‘পঞ্চম ডিফেন্ডার’ বলা যেত। কসমিন মোতির ক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টো। রোমানিয়ান এই ফুটবলার আদতে ডিফেন্ডার, পরশু দেখিয়ে দিয়েছেন গোলরক্ষক হিসেবেও তিনি কম যান না।
চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়ার লুদোগোরেৎস মুখোমুখি হয়েছিল রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল, আগের লেগে ১-০ গোলে জেতায় জয় দেখছিল বুখারেস্টই। ৯০ মিনিটে লুদোগোরেৎসের ওয়ান্ডারসেন গোল করে খেলাটাকে নিয়ে যান অতিরিক্ত সময়ে।
নাটকের শুরু এর পরেই। লুদোগোরেৎস গোলরক্ষক স্টয়ানভ লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান অতিরিক্ত সময়ে। ততক্ষণে তিনটি বদলি হয়ে গেছে, বাধ্য হয়ে মোতিকে দাঁড়াতে হলো গোলপোস্টের নিচে। টাইব্রেকারে অনেকেই ভেবেছিল আনাড়ি গোলকিপার আর কী করবেন, বুখারেস্টের জয় নিশ্চিত। কিন্তু এর পরেই শুরু মোতি-জাদু। দুটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে এই ডিফেন্ডার (?) দলকে নিয়ে তুললেন চ্যাম্পিয়নস লিগে। ও হ্যাঁ, দলের প্রথম পেনাল্টি কিকটা নিয়ে মোতি তাতে গোলও করেছেন।
অবিশ্বাস্য হলো, এর আগে কখনোই পোস্টের নিচে দাঁড়াননি মোতি। পরে লুদোগোরেৎসের মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, মোতির নামে স্টেডিয়ামের একটা গ্যালারির নামকরণ হবে। রয়টার্স।