ডিফেন্ডার হয়েও টানা তিন সাফে গোল

পেনাল্টি থেকে বল জালে জড়ানোর পর তপু বর্মণের উল্লাসছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ গোল করেছেন কে?
কোনো স্ট্রাইকারের নামই মাথায় আসার কথা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপরীত দৃশ্য। এই বছর ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১২ গোল খাওয়ার বিপরীতে গোল করেছে মাত্র ৩টি। এর দুটি গোলই এসেছে ডিফেন্ডার তপু বর্মণের পা থেকে। অন্য গোলটি ফরোয়ার্ড মাহবুবুর রহমানের।

কাল তপুর একমাত্র গোলেই শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোলটি করেছেন এই সেন্টারব্যাক। এ নিয়ে টানা তিন সাফে খেলে সব কটি টুর্নামেন্টেই গোল করলেন তপু।

সাফে টানা তিন ম্যাচে গোল আছে তপুর। বাংলাদেশের অন্য কোনো ফুটবলারের যে কীর্তি নেই।

২০১৫ কেরালাতেই প্রথমবারের মতো সাফে খেলেছেন তপু। সে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনি। মামুনুলের কর্নারে উড়ে আসা বলে হেড করেছিলেন ইয়াসিন খান। বাতাসে থাকা অবস্থায় তপুর মাথা হয়ে জালে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় সেবার বাংলাদেশের টুর্নামেন্ট সেখানেই শেষ।

২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী সাফের প্রথম দুই ম্যাচে তপুর গোল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে এবং পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেড করে। সেদিন পাকিস্তানের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোইনে দূরের পোস্ট থেকে মাথা ছুঁয়ে গোলটি করেছিলেন তিনি। সাফে টানা তিন ম্যাচে গোল আছে তপুর। বাংলাদেশের অন্য কোনো ফুটবলারের যে কীর্তি নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে পেনাল্টি নিতে যাচ্ছেন তপু বর্মণ
ছবি: বাফুফে

২০১৫ ও ২০১৮ সাফের পর কাল আরও একটি সাফে গোল করলেন তপু। এর আগে ২০০৫, ২০০৮, ২০০৯—টানা তিন সাফে গোল করেছিলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

তবে একজন ডিফেন্ডার হিসেবে এভাবে গোল করে যাওয়ার জন্য বাড়তি প্রশংসা বরাদ্দ রাখতে হবে তপুর জন্য। মোট ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই ডিফেন্ডার। এমন আহামরি কিছু নয়। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডার হিসেবে কারও ৫ গোল, হেলায় উড়িয়ে দেওয়ার মতোও নয়।