ডিফেন্ডারদের ধ্বংস করছেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

কি বার্সেলোনা, কি বায়ার্ন মিউনিখ—যখন যেখানে ছিলেন, কোচ পেপ গার্দিওলা তাঁর নিজের ফুটবল দর্শনেই চলেছেন। ফরমেশন অবশ্য এদিক-ওদিক করেছেন। কিন্তু পজেশন ধরে রেখে পাসিং ফুটবল, কিংবা টোটাল ফুটবল থেকে অনুপ্রাণিত হয়ে ডিফেন্ডারদের আক্রমণে যোগ দেওয়া, ফরোয়ার্ডদের নিচে নেমে এসে রক্ষণ সামলানো—গার্দিওলার দল সফলভাবেই এগুলো দেখিয়েছে বেশির ভাগ ক্ষেত্রে।

চার বছর বার্সার কোচ থাকার সময় গার্দিওলা কি জেতাননি বার্সেলোনাকে? দুটি চ্যাম্পিয়নস লিগসহ ১৪টি ট্রফি! বায়ার্নে গিয়ে ৩টি লিগ শিরোপাসহ জিতেছেন ৭টি ট্রফি। তাঁর অধীনে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার সিটি। এ তো গেল তাঁর ফুটবল-দর্শনের আলোর দিক।

জর্জো কিয়েলিনি দেখছেন, একটা অন্ধকার দিকও! জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডারের উপলব্ধি, গার্দিওলার ফুটবল-দর্শন একটা একটা প্রজন্মের ডিফেন্ডারদেরই ধ্বংস করে দিচ্ছে! বলের সঙ্গে খেলোয়াড়দের ওপরে উঠে যাওয়া আবার নিচে নেমে আসার মন্ত্রটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ম্যান সিটির বর্তমান কোচকে দায়ী করে কিয়েলিনি বলছেন, ‘গার্দিওলার পদ্ধতি একটা প্রজন্মের ডিফেন্ডারদের ধ্বংস করে দিচ্ছে। একসঙ্গে সবাই আক্রমণে উঠে যাচ্ছে। কিন্তু প্রতিপক্ষের ক্রস যখন এসে পড়ে, তখন বাধা দিতে ইতালির ডিফেন্ডারদের মতো কেউ থাকে না। রক্ষণে নিজেদের (ইতালির) ঐতিহ্যটাই আমরা ভুলে যেতে বসেছি।’

অথচ রক্ষণের জন্য বরাবরই বিখ্যাত ছিল ইতালির ফুটবল। মাঝমাঠ কিংবা আক্রমণভাগের তারকাদের মতো ইতালির ফুটবলে তারকা ছিলেন দলটির ডিফেন্ডাররাও। তাই ডিফেন্ডারদের এই ‘হারিয়ে যাওয়া’ বড় পীড়া দেয় আজ্জুরিদের রক্ষণের অন্যতম তারকা কিয়েলিনিকে, ‘আমাদের খেলাটা কখনোই স্পেনের টিকি-টাকার মতো হবে না। সেরাদের কাতারে যেতে হলে আমাদের একজন শক্তিশালী সেন্টার ফরোয়ার্ড যেমন দরকার, তেমনি দরকার একজন নিখাদ ডিফেন্ডারও। যা ২০ বছর আগেও আমাদের ছিল।’ মার্কা।