>শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের আরেকটি রোমাঞ্চভরা মৌসুম। চারটি লিগে প্রথাগত বড় দলগুলোরই জয়জয়কার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি সবাই শিরোপা ধরে রেখেছে। তবে ইংলিশ লিগে লেস্টার সিটির জয় ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেই গল্পগুলো আরেকবার মনে করা যাক...
যে রূপকথা লিখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল লেস্টার সিটি, গোটা ক্রীড়াজগতেই সেটি বিরল। মৌসুমের শুরুতে যাদের প্রিমিয়ার লিগে অস্তিত্ব নিয়েই ছিল সন্দেহ, নয় মাস পর তাদের হাতেই উঠল নীল-সাদা ফিতায় মোড়ানো ট্রফিটা! ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম ইংলিশ লিগ শিরোপা।
অসম্ভব কীভাবে সম্ভব হলো? উত্তরে ক্লদিও রানিয়েরি আপনাকে একটা মন্ত্র শেখাতে পারেন—‘ডিলি ডিং, ডিলি ডং’। মৌসুমজুড়ে যখনই আত্মতুষ্টি জেঁকে বসছিল ভার্ডি-মাহরেজদের মধ্যে, একটু আলস্য ভর করছিল, দলকে জাগিয়ে তুলতে নাকি এই মন্ত্রটাই জপতেন ৬৪ বছর বয়সী লেস্টার কোচ। ফল তো চোখের সামনেই। প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মৌসুম শুরু, জেমি ভার্ডির টানা ১১ ম্যাচে গোলের রেকর্ডে ভর করে ডিসেম্বর পর্যন্তই শীর্ষ বা আশপাশে ঘুরছিল লেস্টার। কিন্তু ১৬ জানুয়ারিতে শীর্ষস্থানে ওঠার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
কতটা অবিশ্বাস্য লেস্টারের এই বিজয়ের গল্প সেটা বুঝে নিতে পারেন ক্লাবেরই সাবেক খেলোয়াড় গ্যারি লিনেকারের কথায়, “মৌসুমের শুরুতে আপনি আমাকে ১ টাকার বিনিময়ে ১০ মিলিয়ন দেওয়ার লোভ দেখালেও আমি বাজিতে রাজি হতাম না। বলতাম, ‘নাহ্, শুধু শুধু একটা টাকা নষ্ট!”
লেস্টারের বাইরে চমক হয়ে এসেছে চেলসির পারফরম্যান্স, তবে উল্টোভাবে। গতবারের চ্যাম্পিয়নরা এবার নেমে গেছে ১০ নম্বরে। শুধু চেলসিই কেন, বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি কোনোক্রমে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে জায়গা করে নিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করেছে পাঁচে, লিভারপুল আটে। সবচেয়ে করুণ গল্পটা অ্যাস্টন ভিলার, ১৯৮৭ সালের পর এবারই প্রথম অবনমিত হলো ভিলানরা।
অধিনায়ক
গত মৌসুমে গোলকিপার ছাড়া বাকি খেলোয়াড়দের মধ্যে লিগে সবগুলো ম্যাচই খেলেছিলেন চ্যাম্পিয়ন চেলসির অধিনায়ক জন টেরি। এবার সেই কৃতিত্ব লেস্টার সিটি অধিনায়ক ওয়েস মরগানের।
প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
লেস্টার সিটি ৩৮ ২৩ ১২ ৩ ৬৮/৩৬ ৮১
আর্সেনাল ৩৮ ২০ ১১ ৭ ৬৫/৩৬ ৭১
টটেনহাম ৩৮ ১৯ ১৩ ৬ ৬৯/৩৫ ৭০
ম্যানচেস্টার সিটি ৩৮ ১৯ ৯ ১০ ৭১/৪১ ৬৬
ম্যানচেস্টার ইউনাইটেড ৩৮ ১৯ ৯ ১০ ৪৯/৩৫ ৬৬
অবনমন : অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, নরউইচ
‘হারিকেন’ হ্যারি কেন
গত মৌসুমে লিগে ২১ গোল করার পরও একটু সংশয় ছিল তাঁকে ঘিরে—‘আরে ও “ওয়ান সিজন ওয়ান্ডার!”’ সংশয় ডানা মেলে মৌসুমের প্রথম ছয় ম্যাচেও গোল না পাওয়ায়। কিন্তু সপ্তম ম্যাচে এসে গোল পেতে শুরু করলেন হ্যারি কেন। দশম ম্যাচেই হ্যাটট্রিক, এরপর শুধু সামনে এগিয়ে যাওয়া। ২৫ গোল নিয়ে ভার্ডি-আগুয়েরোদের টপকে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা টটেনহাম স্ট্রাইকার।
সর্বোচ্চ গোলদাতা
২৫ হ্যারি কেন টটেনহাম
২৪ জেমি ভার্ডি লেস্টার সিটি
২৪ সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটি
১৮ রোমেলু লুকাকু এভারটন
১৭ রিয়াদ মাহরেজ লেস্টার সিটি