ডিলি ডিং ডিলি ডং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লদিও রানিয়েরির এই জাদুমন্ত্র দিয়েই গত মৌসুমে প্রিমিয়ার লিগে রূপকথা লিখেছিল লেস্টার সিটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগেও সেই মন্ত্র কাজ করবে কি না, সেটি দেখার বিষয়। তবে চ্যাম্পিয়নস লিগে যাত্রাটা দুর্দান্তভাবেই শুরু করল লেস্টার। বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে তাদেরই মাঠে হারাল ৩-০ গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার এখনো অচেনাই লাগছে চ্যাম্পিয়ন লেস্টারকে। চার ম্যাচে দুটি হার, জয় মাত্র একটি। তবে চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই যেন দেখা মিলল গত মৌসুমের চেনা লেস্টারের। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ, তাতে লেস্টার প্রথম গোল পেল মাত্র ৫ মিনিটেই। থ্রো-ইন থেকে বক্সের ভেতর বল পেয়ে গোলটি করেন মার্ক অলব্রাইটন।
তবে অলব্রাইটন নন, ম্যাচের নায়ক রিয়াদ মাহরেজ। ২৯ মিনিটে বক্সের বাইরে দুর্দান্ত ফ্রি-কিক থেকে করেছেন নিজের প্রথম গোল, ৬১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়টি। লিগে কিছুদিন ধরে অচেনা মাহরেজের ফর্মে ফেরা নিয়েই পরে কোচ রানিয়েরিও মজা করে বললেন, ‘সম্ভবত চ্যাম্পিয়নস লিগই ওকে জাগিয়ে তুলেছে। হয়তো ও “ডিলি ডিং, ডিলি ডং” শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, এখন চ্যাম্পিয়নস লিগের সুরই ওর ভালো লাগে।’ রয়টার্স, গোল।