ডেকে এনে বাদ দেওয়ায় বিব্রত নাসিরুল

জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেলেন নাসিরুল ইসলামছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম। এর পরে হাঁটুর চোটের কারণে অনেক দিন ছিলেন মাঠের বাইরে। পরবর্তী কয়েক মৌসুমে ঘরোয়া ফুটবলে আবার নিয়মিত হলেও জাতীয় দলে আর থিতু হতে পারছিলেন না। প্রায় পাঁচ বছর পর ডাক পেয়েছিলেন প্রাথমিক দলে। কিন্তু অনুশীলনে নেমে পরীক্ষা দেওয়ার আগেই বাদ দেওয়া হয়েছে এই রাইটব্যাককে।

চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন নাসিরুল। বাফুফের পক্ষ থেকে ফোনে তাঁকে টিম হোটেলে উঠতে বলা হয়। সে অনুযায়ী কাল দুপুরে এসে হোটেলে ওঠেন। আজ সকালে বাফুফের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, দলে জায়গা পাননি তিনি। এরপর দুপুরে বাফুফে ভবনে ২৬ জনের দল ঘোষণা করেন জাতীয় দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজোন।

জাতীয় দলে যখন খেলতেন নাসির
ছবি: সংগৃহীত

২০১৬ সালে এশিয়ান কাপের প্রাক্‌–বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নাসিরুল। এভাবে ডেকে এনে অনুশীলনে নামার আগেই বাদ দেওয়ায় বিব্রত নাসিরুল। প্রথম আলোকে তিনি বলেন, ‘ফোনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেকে এনে আমাকে কাল (মঙ্গলবার) হোটেলে ওঠানো হয়। পাসপোর্টও জমা নেওয়া হয়েছে। আজ (গতকাল) সকালে হুট করে বলে, আমি বাদ! অনুশীলনে নামার আগেই কীভাবে কাউকে বাদ দেওয়া হয়, বুঝলাম না! আমার জন্য এটা বিব্রতকর। এত দিন জাতীয় দলে খেলার পর বাফুফের কাছে থেকে এই ব্যবহার অপ্রত্যাশিত।’

ব্রুজোন নতুন কিছুর স্বাদ দিতে চান
ছবি: বাফুফে

শুধু নাসিরুল নন, একই ঘটনা ঘটেছে তরুণ ফয়সাল আহমেদ, মারাজ হোসেন, পাপন সিংসহ আরও কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রে। ৩৫ জনের প্রাথমিক তালিকা থেকে দল ২৬ জনে কমিয়ে আনা হয়েছে। তাই এভাবে বাদ পড়ার ঘটনা খুব একটা অপ্রত্যাশিত নয়। তবে এর মধ্যে দল নির্বাচন নিয়ে আলোচনা জমিয়ে দিয়েছে সন্ধ্যার এক ঘটনা।

মোহাম্মদ হৃদয়
ছবি: সংগৃহীত

আজ দুপুরে ২৬ জনের দল ঘোষণা করা হলেও সন্ধ্যায় আরও একজন খেলোয়াড় যোগ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আবাহনী লিমিটেডের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাফুফে। অথচ আবাহনীর এই মিডফিল্ডার প্রথমে ৩৫ জনের প্রাথমিক তালিকাতেও ছিলেন না বলে শোনা গেছে। কারণ, তালিকায় থাকা খেলোয়াড়দের হোটেলে ডেকে আনা হয়েছিল। সেখানে ছিলেন না হৃদয়। তাই হুট করে তাঁর ডাক পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। হৃদয়ের ডাক পাওয়া প্রসঙ্গে জাতীয় দল ও আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘কোচের চাহিদা অনুযায়ী তাঁকে দলে ডাকা হয়েছে।’